ফিনটেক বিস্তারে হাত মেলালো গ্রামীণফোন-প্রাইম ব্যাংক
Published : ১৬:২৬, ৩ মে ২০২৬
দেশজুড়ে ডিজিটাল ও আর্থিক সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর জিপিহাউজে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
চুক্তির আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা প্রাইম ব্যাংক ফিনটেকের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন। পাশাপাশি স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়াও ইউএসএসডির মাধ্যমে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। এতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানো সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য সেবা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করা হবে।
অন্যদিকে প্রাইম ব্যাংক ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, যৌথভাবে সেবার পরিধি বাড়িয়ে নিরাপদ আর্থিক সমাধান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএএইচ
















