চট্টগ্রামে বিপিও সামিটের প্রস্তুতি, তরুণদের নিয়ে গোলটেবিল বৈঠক
Published : ১৭:৫৬, ১৬ জুন ২০২৬
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’ সামনে রেখে তরুণ নেতৃত্বের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কন্ট্যাক্ট সেন্টার ও আউটসোর্সিং অ্যাসোসিয়েশন (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
‘ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে গোলটেবিল আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন, ক্যারিয়ারবিষয়ক সংগঠন, নেতৃত্ব উন্নয়ন ফোরাম, যুব সংগঠন ও সামাজিক ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, আউটসোর্সিং খাতের সম্ভাবনা এবং বৈশ্বিক কর্মবাজারে অংশগ্রহণের সুযোগ নিয়ে মতবিনিময় হয়। বক্তারা বলেন, চট্টগ্রামের বিপুল তরুণ জনশক্তি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে অঞ্চলটিকে দেশের অন্যতম ডিজিটাল সেবা ও আউটসোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে এডাব্লিউ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সাবের শাহ তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সুযোগ কাজে লাগাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।
আগামী ২০ জুন শনিবার চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘যেখানে প্রতিভার সঙ্গে মিলবে বৈশ্বিক সুযোগ’ প্রতিপাদ্যে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’ অনুষ্ঠিত হবে। সামিটে কর্মসংস্থান মেলা, নীতিনির্ধারণী আলোচনা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মসূচি, অলিম্পিয়াড, সেমিনার ও বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজন করা হবে।
এমএএইচ















