ক্যারিয়ার গড়তে যেভাবে সাহায্য করবে টিকটক
Published : ১২:৪৯, ৩ মে ২০২৬
টিকটক মানেই নাচ-গান বা বিনোদনের ভিডিও- এমন ধারণা এখন বদলাচ্ছে। স্বল্প সময়ের ভিডিওভিত্তিক এই প্ল্যাটফর্মই অনেকের জন্য হয়ে উঠছে ‘মাইক্রো-লার্নিং’-এর কার্যকর মাধ্যম। পেশাগত দক্ষতা বাড়ানো, ইন্টারভিউ প্রস্তুতি কিংবা করপোরেট দুনিয়ায় টিকে থাকার কৌশল জানতে তরুণদের বড় একটি অংশ এখন টিকটকের ওপর নির্ভর করছে।
ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিতে চাইলে কিছু নির্ভরযোগ্য কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও হতে পারে দারুণ সহায়ক।
ইউক্রেনে জন্ম নেওয়া ব্রিটিশ কনটেন্ট নির্মাতা ম্যক্স ক্লিমেনকো টিকটকে জনপ্রিয় মুখ। ২০২৫ সালে ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার’ খেতাব পাওয়া এই নির্মাতার অনুসারী প্রায় ৯৬ লাখ। তার ভিডিওতে পেশা, ব্যবসা ও সমাজের নানা দিক বিশ্লেষণ করা হয়। বিভিন্ন পেশার বাস্তবতা, বড় কোম্পানির ব্যবসায়িক কৌশল এবং আধুনিক কর্মক্ষেত্রের প্রবণতা সহজভাবে তুলে ধরেন তিনি। নতুন কিছু শুরু করতে চান বা ক্যারিয়ার বদলানোর কথা ভাবছেন- এমনদের জন্য তার কনটেন্ট অনুপ্রেরণাদায়ক হতে পারে।
আচরণবিজ্ঞানভিত্তিক কনটেন্ট তৈরি করেন শাদে জাহরাই। ফরচুন ৫০০ কোম্পানির কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এই বিশেষজ্ঞের অনুসারী প্রায় ১৭ লাখ। তার ভিডিও থেকে আত্মবিশ্বাস বাড়ানো, নেতিবাচক চিন্তা দূর করা এবং কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগের কৌশল শেখা যায়। অফিসে নিজের অবস্থান শক্ত করতে চাইলে তার পরামর্শ কার্যকর হতে পারে।
চাকরিপ্রার্থীদের জন্য সাজানো ক্যারিয়ার চ্যানেল টিকটক অ্যাকাউন্টটিও বেশ জনপ্রিয়। এর নেপথ্যে রয়েছেন ক্রিস ওয়েবস্টার। ইন্টারভিউ প্রস্তুতি, বেতন নিয়ে দর-কষাকষি এবং কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয় এখানে। বড় কোনও চাকরির ইন্টারভিউর আগে এই চ্যানেল সহায়ক হতে পারে।
প্রযুক্তি খাত ও নিয়োগ প্রক্রিয়ার বাস্তব চিত্র তুলে ধরেন মাইক পেডিটো। তার টিকটক অ্যাকাউন্ট রিয়েলিস্টিক রিক্রুটিংয়ে অনুসারী প্রায় ১ লাখ ৭১ হাজার। নিয়োগদাতারা কী খোঁজেন, প্রযুক্তি খাতে এআইয়ের প্রভাব এবং চাকরির বাজারের বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। চাকরিতে সুযোগ না পাওয়ার কারণ বুঝতে তাঁর ভিডিও সহায়ক হতে পারে।
নতুনদের জন্য ‘ওয়ার্ক স্মার্টার’ ধারণা নিয়ে কাজ করেন জ্যাক (জ্যাক অ্যাট ওয়ার্ক)। তার অ্যাকাউন্টে অনুসারী ৬৩ হাজারের বেশি। ইমেইল লেখা, কাজের গতি বাড়ানো এবং দ্রুত পদোন্নতির কৌশল নিয়ে সহজ পরামর্শ দেন তিনি। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার মূল্যায়ন নিশ্চিত করতে তার কনটেন্ট কার্যকর হতে পারে।
স্বল্প সময়ের ভিডিওভিত্তিক প্ল্যাটফর্ম হলেও, সঠিক কনটেন্ট বাছাই করতে পারলে টিকটকই হতে পারে ক্যারিয়ার উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার।
এমএএইচ
















