বাংলাদেশ ছাড়ছে না দারাজ
Published : ১৪:৩১, ১৭ জুন ২০২৬
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও পরিচালনা নিয়ে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে দারাজ বলেছে, তাদের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েই তারা কাজ করছে।
বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য তাদের বর্তমান কার্যক্রম বা কৌশলগত অগ্রাধিকারের সঠিক প্রতিফলন নয়। বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও টেকসই ডিজিটাল বাণিজ্যব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
দারাজের তথ্য অনুযায়ী, গত এক বছরে তাদের প্ল্যাটফর্মে সাত হাজারের বেশি নতুন বিক্রেতা যুক্ত হয়েছেন। এতে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, বিক্রেতা নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক কোটি ২০ লাখ টাকার বেশি অনুদান দেয় দারাজ। বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে কার্যক্রম পরিচালনায় আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখতে ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিত সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে।
এমএএইচ
















