বাংলা সিনেমা-সিরিজ নিয়ে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’
Published : ১৭:৫৭, ১৮ মে ২০২৬
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ যাত্রা শুরু করতে যাচ্ছে আগামী ২১ মে। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানে চালু হওয়া প্ল্যাটফর্মটিতে বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্রুত সময়ের মধ্যেই নতুন বাংলা সিনেমা প্ল্যাটফর্মটিতে দেখার সুযোগ থাকবে। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে শুরু হচ্ছে সেবাটি।
‘উৎসব’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, “বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী দর্শকরা যেন সহজে নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।”
তিনি বলেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ পান না। পাশাপাশি বিদেশে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের জন্যও নতুন সিনেমা সহজে দেখার সুযোগ সীমিত।
প্ল্যাটফর্মটি সাবস্ক্রিপশনভিত্তিক হবে। নির্দিষ্ট ফি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারবেন।
প্রাথমিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে সেবা চালু হবে। পরে গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত করা হবে। এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে।
এমএএইচ















