হজযাত্রীদের জন্য ফাইভ-জি রোমিং আনলো বাংলালিংক
Published : ১৭:৪১, ১৬ এপ্রিল ২০২৬
দেশে প্রথমবারের মতো ফাইভ-জি হজ রোমিং প্যাক চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এখন ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায়, নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই এই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
৫৯৪ টাকা থেকে শুরু হচ্ছে বাংলালিংকের হজ রোমিং প্যাক। সাশ্রয়ী মূল্যে এই সেবা স্থানীয় সৌদি সিম কার্ডের তুলনায়ও প্রতিযোগিতামূলক অফার দিচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড- সব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সক্রিয় নেটওয়ার্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, প্রতি বছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে।
হজ রোমিং প্যাক ব্যবহারে নতুন নম্বর নেওয়ার ঝামেলাও থাকছে না। গ্রাহকেরা তাঁদের বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন।
গ্রাহকরা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে সহজেই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে এই প্যাকগুলো কিনতে পারবেন।
এমএএইচ














