বুধবার; ১০ জুন ২০২৬; ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা, স্বস্তিতে কনটেন্ট ক্রিয়েটররা ছবি: এআই দিয়ে তৈরি

প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা, স্বস্তিতে কনটেন্ট ক্রিয়েটররা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৩৬, ১০ জুন ২০২৬

আসন্ন বাজেটে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশে একাধিক প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে দেশে উৎপাদিত কম্পিউটার, ল্যাপটপ, মনিটর ও মোবাইল ফোনের দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর-সুবিধা পেতে পারেন কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং ডিজিটাল সৃজনশীল পেশাজীবীরা।

তথ্যপ্রযুক্তি খাতের জন্য প্রস্তাবিত সুবিধার মধ্যে রয়েছে দেশে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার, মনিটর ও মোবাইল ফোনের ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ আরও কয়েক বছর বাড়ানো। পাশাপাশি কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, ফ্ল্যাশ মেমরি এবং মনিটর উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর অগ্রিম কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া স্থানীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পকে উৎসাহ দিতে ২২ ধরনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার উল্লেখযোগ্যভাবে হ্রাসের প্রস্তাব রয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে স্থানীয় প্রযুক্তিপণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে গতি আসবে, পাশাপাশি আমদানিনির্ভরতাও কমবে।

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে উৎসাহ

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে বিশেষ কর-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করছে সরকার।

বিশেষজ্ঞদের ধারণা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরে দেশে হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাজার দ্রুত সম্প্রসারিত হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় স্বস্তি

ডিজিটাল অর্থনীতির বিকাশে কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও আসতে পারে বড় সুখবর। তাদের আয়ের ওপর বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং ৭ শতাংশ আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ইউটিউবার, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্স সৃজনশীল কর্মী এবং অনলাইনভিত্তিক কনটেন্ট উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ