এআই ও উদ্ভাবনের মহামঞ্চে বাংলাদেশ, শুরু কম্পিউটেক্স-২০২৬
Published : ১৭:৪৮, ২ জুন ২০২৬
তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’। ‘এআই টুগেদার’ প্রতিপাদ্য আয়োজিত চার দিনব্যাপী এ প্রদর্শনী মঙ্গলবার (২ জুন) শুরু হয়েছে, চলবে ৫ জুন পর্যন্ত।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক মো. ইকবাল হোসাইনসহ ৪১ সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে বিসিএসের প্রতিনিধিরা বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ব্যবসায়িক বৈঠকে অংশ নেবেন। এসব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ অনুসন্ধান করা হবে।
প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং, রোবটিকস, স্মার্ট মোবিলিটি এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। বিশ্বের ১ হাজার ৫০০–এর বেশি প্রদর্শক তাদের নতুন প্রযুক্তি, সমাধান ও পণ্য প্রদর্শন করছেন এ আয়োজনে।
প্রযুক্তি খাতের পরিবর্তনের সঙ্গে দ্রুত অভিযোজন এবং উদ্ভাবনী সমাধান প্রদর্শনের জন্য কম্পিউটেক্স বিশ্বব্যাপী পরিচিত। তাইওয়ানের তাইপেই কম্পিউটার অ্যাসোসিয়েশন (টিসিএ) ও তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) যৌথভাবে এ আয়োজন করছে।
এমএএইচ











