ঢাকার ৩০ মোড়ে এআই ক্যামেরা, বদলাচ্ছে ট্রাফিক আচরণ
Published : ১৩:৪২, ২৩ মে ২০২৬
রাজধানীর বিভিন্ন মোড়ে এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তার) ক্যামেরা বসানোর পর ট্রাফিক আইন মানার প্রবণতা বেড়েছে। লালবাতি অমান্য, স্টপ লাইন ভাঙা কিংবা উল্টো পথে চলার মতো অপরাধ কমতে শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত ৭ মে থেকে রাজধানীর ৩০টি মোড়ে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা চালু করে ডিএমপি ট্রাফিক বিভাগ। ‘প্যান-টিল্ট-জুম’ (পিটিজেড) প্রযুক্তির এসব ক্যামেরা ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি ও ভিডিও ধারণ করতে পারে। সফটওয়্যারের মাধ্যমে আইন ভঙ্গকারী যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করে সংশ্লিষ্ট মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৫৪৮টি মামলা দেওয়া হয়েছে। উল্টো পথে চলা, সিগন্যাল অমান্য, স্টপ লাইন ভাঙা, জেব্রাক্রসিং দখল, অবৈধ পার্কিং ও হঠাৎ লেন পরিবর্তনের মতো অপরাধকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপির জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সিটবেল্ট না বাঁধা, মোটরসাইকেলে হেলমেট না থাকা এবং যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ও নজরদারিতে আনা হবে। শিগগিরই মামলার তথ্য ও ভিডিও লিংক মোবাইলফোনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
পুলিশ বলছে, বর্তমানে রাজধানীতে ১১০টি ক্যামেরার ভিডিও এআই দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর সব সিগন্যাল লাইটের খুঁটিতে ৫০০ ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
তবে ব্যাটারিচালিত রিকশা, নম্বরপ্লেটবিহীন ও অস্পষ্ট নম্বরপ্লেটযুক্ত যানবাহন এখনও বড় চ্যালেঞ্জ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান জানিয়েছেন, ঈদের পর এসব যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।
বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে এআইই শেষ ভরসা। তবে কার্যকর ফল পেতে অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণসহ নীতিগত পরিবর্তন জরুরি।
এমএএইচ














