সোমবার; ১৮ মে ২০২৬; ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে বিনা মূল্যের ওয়াইফাই সেবা ছবি- সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে বিনা মূল্যের ওয়াইফাই সেবা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:০৬, ১৭ মে ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা মূল্যের ওয়াইফাই সেবার উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে দেশের আরও কয়েকটি বিমানবন্দর ও রেলস্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

রবিবার (১৭ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নতমানের বিনা মূল্যের ইন্টারনেট সেবা চালু সেই উদ্যোগেরই অংশ।

ফকির মাহবুব আনাম বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো বিভিন্ন সেবার ধারাবাহিকতায় এবার বিমানবন্দর ও রেলস্টেশনে যাত্রীসেবায় যুক্ত হলো বিনা মূল্যের ওয়াইফাই। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং জনগণের প্রতি সরকারের সেবার অঙ্গীকারের প্রতিফলন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নত ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী ও সাধারণ যাত্রীদের সুবিধা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। গত আড়াই মাসে নেওয়া উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সেবা সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর এবং ছয়টি রেলস্টেশনে একযোগে এ সেবা চালু হয়েছে। বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি সংযোগকেন্দ্রের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিনে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ২০ হাজারের বেশি যাত্রী এই সেবা ব্যবহার করেছেন। এ সময় প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট তথ্য ব্যবহার হয়েছে। বর্তমানে একসঙ্গে প্রায় ১ হাজার ৮০০ ব্যবহারকারী সংযুক্ত থাকতে পারছেন।

রেহান আসিফ আসাদ আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ যাত্রীদের সহজে ও বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য। চেক-ইন, ইমিগ্রেশন ও বোর্ডিংয়ের প্রতিটি ধাপে যেন নিরবচ্ছিন্ন সংযোগ পাওয়া যায়, সে ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ও উপদেষ্টা বিমানবন্দরে ওয়াইফাই সেবার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিটিসিএল ও বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার ইতিমধ্যে দেশের সাতটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও ছয়টি রেলস্টেশনে বিনা মূল্যের ওয়াইফাই সেবা চালু করেছে। বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দর।

এছাড়া কমলাপুর, কক্সবাজার, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীরা এখন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। 

এমএএইচ

শেয়ার করুনঃ