দেশীয় ব্যাংকের টাকায় স্টার্টআপে নতুন যুগ, ৪২৫ কোটি টাকার ‘অঙ্কুর’
Published : ১৮:৩০, ১২ মে ২০২৬
দেশের স্টার্টআপ খাতে প্রথমবারের মতো বড় পরিসরে যুক্ত হলো দেশীয় ব্যাংকগুলো। ৩৯টি ব্যাংকের উদ্যোগে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি) মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল তহবিল ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড ১’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
প্রায় ৪২৫ কোটি টাকা বা ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই তহবিল সিড, লেট-সিড ও সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। অংশীদার ব্যাংকগুলো প্রতিবছর তাদের নিট মুনাফার ১ শতাংশ এই তহবিলে দেবে বলে জানানো হয়। ফলে এটি এককালীন নয়, ধারাবাহিক মূলধন কাঠামো হিসেবে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তায় গড়ে ওঠা এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলোকে গত পাঁচ বছরের নিট মুনাফার ১ শতাংশ পর্যন্ত বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের আর্থিক খাত বর্তমানে কঠিন সময় পার করছে। ব্যাংক ও শেয়ারবাজারে সংকট তৈরি হয়েছে, যা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ব্যাংক খাতে মূলধন ঘাটতি তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। মূলধন জোগান বাড়াতে হবে।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান আবার বাংলাদেশে কাজ শুরু করতে যাচ্ছে এবং আইএফসিও সরকারের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, স্টার্টআপে এই বিনিয়োগের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাশলেস সোসাইটি গড়তে বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে বাংলাদেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি বিনিয়োগ চুক্তির মাধ্যমে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন এসেছে। তবে এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ৭ শতাংশেরও কম।
বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, বিএসআইসি শুধু একটি ফান্ড নয়; এটি উদ্যোক্তাদের স্বপ্নকে পেশাদার মূলধনের সঙ্গে যুক্ত করার একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল ভেঞ্চারসুক, ওয়েভমেকার পার্টনার্স, ফাইভ হানড্রেড গ্লোবাল, প্লাগ অ্যান্ড প্লে, এডিবি ভেঞ্চারস, স্টার্জন ক্যাপিটাল ও অরবিট স্টার্টআপস।
এছাড়া বি ক্যাপিটালের সাবেক জেনারেল পার্টনার সামি আহমদকে বিএসআইসির বোর্ড উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিএসআইসি জানিয়েছে, ২০২৬ সালের মধ্যেই তারা প্রথম তিনটি বিনিয়োগ সম্পন্ন করতে চায়। এর আগে একজন ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিনিয়োগ কর্মকর্তা এবং পূর্ণাঙ্গ বিনিয়োগ কমিটি নিয়োগ দেওয়া হবে।
এমএএইচ















