শুক্রবার; ১৩ মার্চ ২০২৬; ২৮ ফাল্গুন ১৪৩২

ডিজিটাল কেওয়াইসি বাধ্যতামূলক, নতুন নীতিমালা কার্যকর ১ সেপ্টেম্বর ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

ডিজিটাল কেওয়াইসি বাধ্যতামূলক, নতুন নীতিমালা কার্যকর ১ সেপ্টেম্বর

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৫৯, ১২ মার্চ ২০২৬

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে ইলেকট্রনিক নো-ইয়োর-কাস্টমার (ই-কেওয়াইসি) সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যেই নীতিমালাটি হালনাগাদ করা হয়েছে। নতুন ব্যবস্থায় আর্থিক হিসাব খোলা ও লেনদেন কার্যক্রম পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি পদ্ধতিতে পরিচালিত হবে।

হালনাগাদ নীতিমালা অনুযায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রাহকের হিসাব খুলতে পারবে। এ ক্ষেত্রে গ্রাহকের ছবি তোলা এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে দ্রুত কেওয়াইসি প্রোফাইল তৈরি করা সম্ভব হবে।

গ্রাহকের ঝুঁকির মাত্রা বিবেচনায় নীতিমালায় দুটি মডেল রাখা হয়েছেসিম্পলিফাইড ই-কেওয়াইসি ও রেগুলার ই-কেওয়াইসি। কম ঝুঁকিপূর্ণ গ্রাহক এবং আর্থিক অন্তর্ভুক্তির আওতাভুক্ত হিসাবের জন্য সিম্পলিফাইড মডেল প্রযোজ্য হবে। আর বড় অঙ্কের লেনদেন ও নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে অনুসরণ করা হবে রেগুলার ই-কেওয়াইসি।

নির্দেশনায় বলা হয়েছে, ই-কেওয়াইসির মূল ভিত্তি হবে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র। পরিচয় যাচাইয়ে আঙুলের ছাপ অথবা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এতে গ্রাহকেরা কোনো এজেন্টের সহায়তা ছাড়াই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে নিজেই হিসাব খুলতে পারবেন। তবে এ ক্ষেত্রে মুখাবয়ব শনাক্তকরণ বা ফেস-ম্যাচিং প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

ই-কেওয়াইসির মাধ্যমে খোলা হিসাবের ক্ষেত্রে লেনদেনের কিছু সীমা নির্ধারণ করা হয়েছে। এ ধরনের হিসাবে মাসিক নগদ জমার সর্বোচ্চ সীমা ৩ লাখ টাকা এবং স্থানান্তরের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। দৈনিক সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ জমা দেওয়া যাবে এবং অর্থ স্থানান্তর করা যাবে আড়াই লাখ টাকা পর্যন্ত। তবে প্রবাসী আয় ও সরকারি ভাতার ক্ষেত্রে কোনো সীমা প্রযোজ্য হবে না।

গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিস্তরবিশিষ্ট যাচাই এবং শক্তিশালী ডেটা এনক্রিপশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব তথ্য দেশের অভ্যন্তরের সার্ভারে সংরক্ষণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও ই-কেওয়াইসি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বৈধ জাতীয় পরিচয়পত্র থাকলে তারা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করে হিসাব খুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর ই-কেওয়াইসি সংক্রান্ত আগের সব নির্দেশনা বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে গ্রাহকসেবা সহজ হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালন ব্যয়ও কমবে।

এমএএইচ

শেয়ার করুনঃ