শুক্রবার; ০৬ মার্চ ২০২৬; ২১ ফাল্গুন ১৪৩২

বাংলালিংক আনছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ ছবি- সংগৃহীত

বাংলালিংক আনছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:০৮, ৫ মার্চ ২০২৬

বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি মুক্ত পে নামে নতুন প্রজন্মের একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এজন্য বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ প্ল্যাটফর্মের লক্ষ্য বাংলাদেশে নগদহীন আর্থিক সেবার পরিসর আরও বাড়ানো।

গত ৪ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা টিম ঝৌ চুক্তিতে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় মুক্ত পে হুয়াওয়ের মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করবে। এর মাধ্যমে নিরাপদ, তাৎক্ষণিক এবং বড় অঙ্কের ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে। প্ল্যাটফর্মটি নগদবিহীন অর্থ পরিশোধ ও অর্থ স্থানান্তরের সুযোগ দেবে। পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং খাতের মতো মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

মুক্ত শব্দের অর্থ স্বাধীন। এ নামের মাধ্যমে সবার জন্য আর্থিক সেবা সহজলভ্য করার লক্ষ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সারা দেশে মোবাইল সংযোগ বিস্তারে বাংলালিংকের ভূমিকার প্রতিফলনও এতে রয়েছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি ব্যাংকসেবার বাইরে থাকা বা সীমিত ব্যাংকসেবা পাওয়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এর আগে এ উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংক অনাপত্তিপত্র দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে মুক্ত পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, গ্রাহক ও কমিউনিটির কল্যাণকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি প্রতিটি উদ্যোগ নেয়। দেশজুড়ে সবার জন্য ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করার অঙ্গীকার থেকেই মুক্ত পে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা টিম ঝৌ বলেন, বাংলালিংকের ডিজিটাল কৌশল সম্পর্কে তারা অবগত এবং এটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, মুক্ত পে প্ল্যাটফর্মে হুয়াওয়ের সর্বাধুনিক আর্থিক প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব নিরাপদ ও টেকসই ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে এবং বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে।

এমএএইচ

শেয়ার করুনঃ