রোববার; ১৫ ফেব্রুয়ারি ২০২৬; ২ ফাল্গুন ১৪৩২

এমএফএসে টাকা পাঠানোয় বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক ছবি: এআই দিয়ে তৈরি

এমএফএসে টাকা পাঠানোয় বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপ করা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

নির্বাচনে টাকার অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক গত রবিবার রাত থেকে চার দিনের জন্য ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেনে কড়াকড়ি আরোপ করেছিল। এ সময় বিকাশ, নগদ ও রকেটসহ এমএফএস সেবায় প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন সেবার বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু ছিল। একই সময়ে আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।

এ সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় অর্থ পাঠাতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ ওঠে। মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখন এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ