৩১ মার্চের মধ্যে ব্যাংক-এমএফএসে ‘ক্যাশলেস ইউনিট’ বাধ্যতামূলক
Published : ১১:৫৬, ২৪ মার্চ ২০২৬
দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) প্রধান কার্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পেমেন্ট সিস্টেমস বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ মার্চের মধ্যে ইউনিট গঠন করে নির্ধারিত ছকে তথ্য জমা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট অবকাঠামো জোরদার ও লেনদেনের প্রসার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর, ইন্টারনেট ব্যাংকিং ও পয়েন্ট অব সেলস (পিওএস) লেনদেন সম্প্রসারণে ইউনিটগুলো কাজ করবে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংকে ডিএমডি বা সমপর্যায়ের কর্মকর্তা ইউনিটের তত্ত্বাবধানে থাকবেন; এমএফএস ও অন্যান্য প্রতিষ্ঠানে এমডির এক ধাপ নিচের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ব্যাংকে অন্তত চারজন এবং অন্য প্রতিষ্ঠানে কমপক্ষে দুজন কর্মকর্তা রাখতে হবে।
ইউনিটের কাজের মধ্যে থাকবে ডিজিটাল পেমেন্ট রোডম্যাপ তৈরি, মার্চেন্ট অনবোর্ডিং বাড়ানো, গ্রাহক সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ও অভিযোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়।
এ ছাড়া প্রতিবছর মার্চের শেষ কার্যদিবসের মধ্যে ক্যাশলেস কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
এমএএইচ















