এআই ফিচার দেখিয়ে আইফোন বিক্রি, ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল
Published : ১৫:০৫, ১১ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের এআই ফিচার নিয়ে করা এক ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। অভিযোগ ছিল, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও উন্নত সিরিসহ কয়েকটি নতুন এআই সুবিধার বিষয়ে কোম্পানিটি গ্রাহকদের কাছে এমন প্রত্যাশা তৈরি করেছিল, যেগুলোর অনেকই তখনও চালু হয়নি বা পুরোপুরি কার্যকর ছিল না।
মামলায় বলা হয়, অ্যাপল নতুন এআই সুবিধাগুলোকে যুগান্তকারী প্রযুক্তি হিসেবে প্রচার করেছিল। এসব সুবিধার প্রত্যাশায় অনেক গ্রাহক আইফোন ১৫ ও আইফোন ১৬ কিনলেও পরে তারা কাঙ্ক্ষিত ফিচার পাননি কিংবা সেগুলো বিলম্বিত হয়েছে।
সমঝোতা অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে আইফোন ১৫ বা আইফোন ১৬ কেনা গ্রাহকেরা ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা ও আবেদনের ভিত্তিতে একজন গ্রাহক ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন।
তবে অ্যাপল কোনও ধরনের ভুল স্বীকার করেনি। কোম্পানিটি জানিয়েছে, অ্যাপল ইন্টেলিজেন্সের কিছু ফিচারের প্রাপ্যতা ও প্রচারণা ঘিরে বিতর্ক থেকেই এই মামলা হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে ভবিষ্যতের পণ্য ও সেবা উন্নয়নে মনোযোগ দিতেই তারা সমঝোতার পথ বেছে নিয়েছে।
মামলায় আইনজীবীদের অভিযোগ ছিল, অ্যাপল এমন কিছু এআই সক্ষমতার কথা প্রচার করেছে, যেগুলো বাস্তবে তখনও প্রস্তুত ছিল না। বিশেষ করে সিরিকে ‘পূর্ণাঙ্গ এআই সহকারী’ হিসেবে উপস্থাপন করা হলেও গ্রাহকেরা সেই উন্নত সংস্করণ ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ করা হয়।
এমএএইচ















