গুগলের বড় ভুল! উন্মোচনের আগেই ফাঁস ‘গোপন’ এআই অ্যাপ
Published : ১৬:৫৮, ৫ মে ২০২৬
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরুর আগেই তাদের নতুন এআই সহকারী অ্যাপ ‘কসমো’ ভুলবশত প্রকাশ্যে চলে আসে। ১ মে স্বল্প সময়ের জন্য অ্যাপটি প্লে স্টোরে দেখা গেলেও পরে সরিয়ে নেওয়া হয়।
অ্যাপটির বর্ণনায় একে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য পরীক্ষামূলক এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে উল্লেখ করা হয়। প্রায় ১.১৩ গিগা আকারের অ্যাপটিতে ‘জেমিনি ন্যানো’ মডেল যুক্ত ছিল, যা অফলাইনেও কাজ করতে পারে।
ফাঁস হওয়া তথ্যে জানা যায়, এতে ১৪টি নতুন ফিচার ছিল, যার মধ্যে লিস্ট ট্র্যাকার, ক্যালেন্ডার সাজেশন ও ‘মেরিনার’ চালিত ব্রাউজার এজেন্ট উল্লেখযোগ্য। এছাড়া ‘ডিপ রিসার্চ’ মোডের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরির সুবিধাও রাখা হয়েছে।
প্রযুক্তি সাইট নাইন টু ফাইভ গুগল জানায়, অ্যাপটি স্ক্রিন একসেসের জন্য অ্যান্ড্রয়েডের একসেসিবিলিটি এপিআই ব্যবহার করে, যদিও পরীক্ষায় সব ফিচার পুরোপুরি কার্যকর ছিল না।
প্লে স্টোরে প্রকাশের ধরন দেখে ধারণা করা হচ্ছে, অ্যাপটি ভুলবশতই প্রকাশিত হয়েছিল।
এমএএইচ















