বৃহস্পতিবার; ২৩ এপ্রিল ২০২৬; ১০ বৈশাখ ১৪৩৩

আয়ে ধাক্কা, তবু খরচ নিয়ন্ত্রণে ভর করে টিকে আছে গ্রামীণফোন ছবি- সংগৃহীত

আয়ে ধাক্কা, তবু খরচ নিয়ন্ত্রণে ভর করে টিকে আছে গ্রামীণফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:১৫, ২৩ এপ্রিল ২০২৬

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কিছুটা আয়ে পতন হলেও দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রেখেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ সময় মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে গ্রামীণফোন এসব তথ্য জানিয়েছে।

প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪২ লাখ। এর মধ্যে ৫৮.৪ শতাংশ বা ৪ কোটি ৯২ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। অর্থাৎ, ভয়েস সেবার ব্যবহার কিছুটা কমলেও ডেটা সেবার ওপর নির্ভরতা বাড়ছে- যা টেলিকম খাতের চলমান প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, বহুমাত্রিক বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও কোম্পানি প্রায় ৫৮ শতাংশ ইবিআইটিডিএ মার্জিন ধরে রাখতে সক্ষম হয়েছে। তার মতে, আর্থিক ও পরিচালনাগত ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে নেটওয়ার্ক, আইটি, স্পেকট্রাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কার্যক্রমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, গ্রামীণফোন এআই-ফার্স্ট টেলিকম কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে নেটওয়ার্ক ও অপারেশনে বিভিন্ন এআই-ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল আগামী প্রান্তিকগুলোতে দৃশ্যমান হবে। এছাড়া সম্প্রতি ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণের ফলে গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক কভারেজ ও ইনডোর সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক জানান, আলোচ্য প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৬৬২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। নিট মুনাফার হার দাঁড়িয়েছে ১৭.৬ শতাংশ। তার ভাষ্য অনুযায়ী, কম অবচয় ও আর্থিক ব্যয়ের কারণে এই মুনাফা বৃদ্ধি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব কমলেও খরচ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত বছরের তুলনায় অপারেটিং খরচ ২ শতাংশ এবং পণ্য বিক্রয় ব্যয় ৭.৩ শতাংশ কমেছে। একই সময়ে ডেটা গ্রাহকসংখ্যা ১.৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৯২ লাখে পৌঁছেছে এবং ডেটা ব্যবহার ৫.৪ শতাংশ বেড়ে গড়ে ৭.৭ জিবিতে দাঁড়িয়েছে।

তবে ইবিআইটিডিএ ১.৫ শতাংশ কমেছে, যা তুলনামূলক দুর্বল রাজস্ব পরিস্থিতির প্রেক্ষিতে স্বাভাবিক বলে মনে করছে কোম্পানি। তবুও গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজস্বের তুলনায় ইবিআইটিডিএ কম হারে কমেছে-যা ব্যয় নিয়ন্ত্রণের কার্যকারিতা নির্দেশ করে।

এমএএইচ

শেয়ার করুনঃ