৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার
Published : ১৮:৩৩, ২২ এপ্রিল ২০২৬
আগামী পাঁচ বছরে দেশে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হবে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিভিন্ন সংস্থা কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। এর অংশ হিসেবে পাঁচ বছরে এক হাজার জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এবং দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে সাড়ে সাত হাজার ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটিতে প্রশিক্ষণ দেবে। এছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৮৩টি সেবা অনলাইনে চালু রয়েছে, আরও ১০টি সেবা যুক্ত করার পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে পাঁচ বছরে ২০টি ব্যাচে এক হাজার গ্র্যাজুয়েটকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীকে এআই, অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়াইফাই’(উইমেন ইন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ) উদ্যোগের আওতায় দক্ষতা উন্নয়ন কর্মসূচিও চালাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
এমএএইচ














