আইএসপিএবির সঙ্গে কাজ করতে সরকার আগ্রহী: টেলিযোগাযোগ মন্ত্রী
Published : ০০:১৫, ১৬ এপ্রিল ২০২৬
তিন দিনব্যাপী প্রযুক্তি মেলা ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’ বুধবার শেষ হয়েছে। ইন্টারনেট সেবা, তথ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল সেবার প্রসারকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ছিল ব্যাপক উপস্থিতি।
মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের স্টল, প্রদর্শনী, আজীবন সদস্যদের সম্মাননা, ব্যান্ড সঙ্গীত পরিবেশন এবং মেজবানের আয়োজন ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে এবং এ লক্ষ্যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
আইএসপিএবি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আসুন, আমরা বসে কথা বলি। বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।”
মন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আসো, আমরা তোমাদের কথা শুনতে চাই। সম্ভাবনার জায়গা খুঁজে বের করতে চাই এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবো।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম শহরের ঝুলন্ত ওভারহেড ক্যাবল অপসারণে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এ সমস্যার টেকসই সমাধানে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন জানান, সরকার বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার দিচ্ছে— কানেক্টিভিটি, ‘ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ ও ডিজিটাল ওয়ালেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলাদেশ গঠন।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বিভাগীয় আইএসপি লেয়ার অটুট রাখা এবং আইএসপিকে ‘আইটি এনাবলড সার্ভিস’ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উত্থাপিত কিছু দাবি ইতোমধ্যে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ।
সোমবার শুরু হওয়া এই এক্সপোর আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলার প্রতিপাদ্য ছিল ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।
মেলায় ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টলে ইন্টারনেট সেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন সমাধান প্রদর্শিত হয়।

এক্সপেরিয়েন্স জোনে ভিড়: এক্সপোর ‘এক্সপেরিয়েন্স জোনে’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি ভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। এসব প্রকল্প দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
এবারের এক্সপোর প্লাটিনাম স্পন্সর ছিল ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর হিসেবে ছিল আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন লিমিটেড। এছাড়া একাধিক প্রতিষ্ঠান গোল্ড স্পন্সর হিসেবে অংশ নেয়।
এমএএইচ











