রোববার; ০৫ এপ্রিল ২০২৬; ২১ চৈত্র ১৪৩২

নতুন কৌশলে ফিরছে হুয়াওয়ে, বাজারে বড়সড় প্রভাবের আভাস ছবি: এআই দিয়ে তৈরি

নতুন কৌশলে ফিরছে হুয়াওয়ে, বাজারে বড়সড় প্রভাবের আভাস

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৩৪, ৪ এপ্রিল ২০২৬

প্রযুক্তি বিশ্বের আলোচিত প্রতিষ্ঠান হুয়াওয়ে আবারও ভারতেরর বাজারে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিজ্যুয়াল বার্তায় কামব্যাক শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা বিশ্লেষকদের মতে কেবল আনুষ্ঠানিক প্রত্যাবর্তন নয় -বরং নতুন কৌশল, নতুন বিনিয়োগ এবং শক্তিশালী বাজার উপস্থিতির পূর্বাভাস।

সম্প্রতি বাংলাদেশে মোবাইলফোন বিপণনকারী শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির সঙ্গে এই প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, হুয়াওয়ে বাংলাদেশেও আরও জোরেসোরে ফিরছে। প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে, চুক্তি পর্বও শেষ। এখন কেবল তিনি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। ওটা পেলে তিনি দেশের বাজারে অঅসার ঘোষণা দেবেন বলে জানালেন। তিনি বলেন, বিশাল ধাক্কার পরে এবার আগের চেয়েও বিশাল আয়োজন নিয়ে দেশে ফিরছে হুয়াওয়ে। সব ধরনের জটিলতাকে পেছনে ফেলে দেশের মোবাইল বাজারে ঝড় তুলবে হুয়াওয়ের নতুন সব স্মার্টফোন।

বার্তাটিতে ইঙ্গিত করা হয়েছে, এই প্রত্যাবর্তন ভারতের প্রযুক্তি বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে স্মার্টফোন খাতে হুয়াওয়ের পুনঃপ্রবেশ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। একসময় প্রিমিয়াম ডিজাইন ও ক্যামেরা প্রযুক্তির জন্য জনপ্রিয় এই ব্র্যান্ডটি আবার বাজারে সক্রিয় হলে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

টেলিযোগাযোগ খাতেও এর প্রভাব পড়তে পারে। ফাইভ-জি প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে হুয়াওয়ে দীর্ঘদিন ধরেই বৈশ্বিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে ভারতের বাজারে তাদের সক্রিয়তা বাড়লে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন মাত্রা পেতে পারে।

গত কয়েক বছরে ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে হুয়াওয়ের কার্যক্রম ভারতে অনেকটাই সীমিত হয়ে পড়ে। এর ফলে স্মার্টফোন বাজারসহ বিভিন্ন খাতে কোম্পানিটির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে সাম্প্রতিক এই বার্তা ইঙ্গিত দিচ্ছে, সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, হুয়াওয়ের সম্ভাব্য এই প্রত্যাবর্তন শুধু একটি কোম্পানির ব্যবসায়িক পদক্ষেপ নয়; এটি আঞ্চলিক প্রযুক্তি প্রতিযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং বাজার কাঠামোয় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

এখন দেখার বিষয়, কবে নাগাদ এবং কী কৌশলে হুয়াওয়ে তাদের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নিয়ে ভারতের বাজারে পূর্ণমাত্রায় ফিরে আসে। তবে একথা নিশ্চিত- এই কামব্যাক বাস্তবায়িত হলে ভারতীয় প্রযুক্তি বাজারে নতুন এক প্রতিযোগিতার অধ্যায় শুরু হতে পারে।

এমএএইচ

শেয়ার করুনঃ