সাংবাদিক হেনস্থার অভিযোগ, তবু পদোন্নতি পেলেন অভিযুক্ত
Published : ১৫:১০, ২ এপ্রিল ২০২৬
পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য এস এম ইমদাদুল হকের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত এক কর্মচারীকে তদন্ত শেষ হওয়ার আগেই চার গ্রেড পদোন্নতি দিয়ে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
অভিযুক্ত মোশারফ হোসেন পারভেজ আগে গ্রেড-১৩-এর হিসাবরক্ষক ছিলেন। তাকে চলতি দায়িত্বে গ্রেড-০৯-এর হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ এপ্রিল ২০২৬ থেকে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট দায়িত্ব পালনকালে সাংবাদিক ইমদাদুল হকের ওপর হামলার ঘটনায় পারভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং এর সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও তার প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। এর মধ্যে অভিযুক্তকে একাধিকবার বদলি করা হলেও সর্বশেষ তাকে পদোন্নতি দিয়ে ঢাকায় আনার সিদ্ধান্তে সাংবাদিক মহল ও আইসিটি খাতে ক্ষোভ তৈরি হয়েছে।
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এক বিবৃতিতে জানায়, তদন্তাধীন অভিযোগ থাকা অবস্থায় পদোন্নতি ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা দেয়। সংগঠনটি দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন এ ঘটনাকে শুদ্ধাচার পরিপন্থী উল্লেখ করে বলেন, সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির পথে বাধা সৃষ্টি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এমএএইচ















