হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবল কাটা গেলে নেট দুনিয়ায় যা ঘটতে পারে
Published : ১২:০৬, ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হলো হরমুজ প্রণালি। বিশ্বে ব্যবহৃত জ্বালানির একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তবে শুধু তেল পরিবহনের জন্যই নয়, সমুদ্রতলের নিচ দিয়ে বিস্তৃত সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের কারণেও এই অঞ্চলটি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ক্যাবলগুলোর মাধ্যমেই মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান হয়। ফলে কোনও কারণে এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব হতে পারে বহুমাত্রিক ও সুদূরপ্রসারী।
ইন্টারনেট সংযোগে বড় ধাক্কা
সাবমেরিন ক্যাবল কেটে গেলে আন্তর্জাতিক ডেটা প্রবাহে ব্যাঘাত ঘটবে। এতে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, এমনকি কিছু অঞ্চলে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও তৈরি হবে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে আন্তর্জাতিক ব্যান্ডউইথে চাপ বাড়বে।
ব্যাংকিং ও অনলাইন লেনদেনে বিপর্যয়
আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, অনলাইন পেমেন্ট ও রেমিট্যান্স পরিষেবা এই ক্যাবলগুলোর ওপর নির্ভরশীল। সংযোগে বিঘ্ন ঘটলে লেনদেন ধীর হয়ে যেতে পারে বা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এতে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিকল্প নেটওয়ার্কে চাপ
ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে ডেটা অন্য রুট দিয়ে পাঠানো হবে। তবে এতে বিকল্প নেটওয়ার্কে অতিরিক্ত চাপ তৈরি হবে, যার ফলে ভিডিও কল, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং সেবায় ধীরগতি দেখা দিতে পারে।
হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে বড় ধরনের ক্ষতি হলে তা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক যোগাযোগ ও অর্থনীতিতে তাৎক্ষণিক এবং ব্যাপক প্রভাব ফেলতে পারে।
এমএএইচ














