বাইকচালকদের আয় ও স্বাধীনতা বাড়াতে উবারের নতুন হাইব্রিড মডেল
Published : ১২:৩৬, ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে বাইকচালকদের জন্য নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করেছে উবার। এই ফিচারের মাধ্যমে চালকরা নিজেদের সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে অ্যাপের মাধ্যমে ট্রিপ নিতে পারবেন। এতে ফুল-টাইম ও পার্ট-টাইম- দুই ধরনের চালকদের জন্যই কাজ করা আরও সহজ ও লাভজনক হবে।
এর আগে ২০২৩ সালে ঢাকায় সাবস্ক্রিপশন মডেল চালু করেছিল উবার। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও উন্নত ‘হাইব্রিড’ সংস্করণ আনা হয়েছে। এর লক্ষ্য হলো চালক ও যাত্রী- উভয়ের অভিজ্ঞতা উন্নত করা এবং অ্যাপভিত্তিক রাইড বাড়ানো।
ঢাকায় মোটরবাইক সেবার একটি বড় সমস্যা হলো অ্যাপের বাইরে যাত্রী নেওয়া। এতে জিপিএস ট্র্যাকিং, বিমা বা নিরাপত্তা সুবিধা পাওয়া যায় না। উবার মনে করছে, নতুন এই মডেল চালকদের আরও নমনীয়তা দেবে এবং অফলাইনে ট্রিপ নেওয়ার প্রবণতা কমাবে।
এই সাবস্ক্রিপশনের একটি বড় সুবিধা হলো- চালকরা শূন্য শতাংশ কমিশনে ট্রিপ দিতে পারবেন। ফলে তারা পুরো ভাড়াটাই নিজের কাছে রাখতে পারবেন। বিশেষ করে পার্ট-টাইম চালকদের জন্য এটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, এই উদ্যোগ চালকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাড়াবে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে ট্রিপ বাড়লে যাত্রীদের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে।
এমএএইচ
















