আইফোন-অ্যান্ড্রয়েড মেসেজে বাড়লো নিরাপত্তা, অ্যাপল ও গুগলের উদ্যোগ
Published : ১৬:৩৪, ১৪ মে ২০২৬
আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তা আরও জোরদার করতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে অ্যাপল ও গুগল। এর ফলে ভিন্ন অপারেটিং সিস্টেমের ডিভাইসের মধ্যেও আগের তুলনায় নিরাপদে মেসেজ আদান-প্রদান করা যাবে।
এত দিন আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে পাঠানো আরসিএস মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় ছিল না। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল ব্যবহারকারীদের মধ্যে। নতুন সুবিধা চালুর ফলে এখন বার্তাগুলো প্রেরকের ডিভাইস থেকে এনক্রিপ্ট হয়ে প্রাপকের ডিভাইসে পৌঁছাবে।
তবে এই সুবিধা ব্যবহারে কিছু শর্ত রয়েছে। প্রেরক ও প্রাপক-উভয়ের স্মার্টফোন এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে এ প্রযুক্তি সমর্থন করতে হবে। কোনও গ্রুপ চ্যাটে একজন সদস্যের ডিভাইস বা নেটওয়ার্ক সমর্থন না করলে পুরো কথোপকথন এনক্রিপশনের বাইরে থাকতে পারে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৫ সংস্করণে চলা আইফোনে পরীক্ষামূলকভাবে এনক্রিপটেড আরসিএস মেসেজ সুবিধা চালু হয়েছে। একই সুবিধা রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে চলা গুগল মেসেজেস অ্যাপেও। ফলে নতুন সংস্করণের আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে নিরাপদ মেসেজ আদান-প্রদান সম্ভব হবে।
এ সুবিধা ব্যবহারের জন্য আলাদা করে কোনও সেটিংস চালু করতে হবে না। ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক সমর্থন করলেই এনক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। এনক্রিপটেড বার্তার পাশে ছোট তালা চিহ্ন ও ‘Encrypted’ লেখা দেখা যাবে। এ চিহ্ন না থাকলে বার্তাটি এন্ড টু এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না।
এন্ড টু এন্ড এনক্রিপশন এমন একটি প্রযুক্তি, যেখানে মেসেজ প্রেরকের ডিভাইসেই এনক্রিপ্ট করা হয় এবং প্রাপকের ডিভাইসে পৌঁছানোর আগ পর্যন্ত তা সুরক্ষিত থাকে। ফলে মাঝপথে কেউ বার্তা আটকালেও সেটি পড়তে পারে না।
এমএএইচ













