বুধবার; ১৫ এপ্রিল ২০২৬; ১ বৈশাখ ১৪৩৩

ব্রডব্যান্ড এক্সপোর পর্দা নামছে আজ ছবি: সংগৃহীত

ব্রডব্যান্ড এক্সপোর পর্দা নামছে আজ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ০০:২২, ১৫ এপ্রিল ২০২৬

পয়লা বৈশাখের ছুটির দিনে দর্শনার্থীদের ঢলে মুখর ছিল ব্রডব্যান্ড এক্সপো-২০২৬। সকাল গড়াতেই রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণ ভরে ওঠে প্রযুক্তিপ্রেমীদের ভিড়ে।  বিকেলের দিকে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মেলায় পা ফেলার জায়গাও ছিল না।  দ্বিতীয় দিনের এই প্রাণচঞ্চল পরিবেশের মধ্য দিয়েই আরও জমে ওঠে আয়োজনটি।  যদিও প্রথম দিন থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল।  তিন দিনব্যাপী এই প্রদর্শনী আজ বুধবার (১৫ এপ্রিল) শেষ হচ্ছে।  প্রতিদিনের মতো আজও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ এক্সপোর এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টলে ইন্টারনেটসংশ্লিষ্ট নানা সেবা ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

দ্বিতীয় দিনে বিশেষ আয়োজনের মাধ্যমে আইএসপিএবির ২৮ জন আজীবন সদস্যকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ২০২৪–২০২৫ মেয়াদের বিদায়ী নির্বাহী কমিটিকেও সম্মাননা দেয় বর্তমান কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ।  আরও উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা প্রমুখ।  অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ অন্যান্য ব্যান্ড।

এক্সপেরিয়েন্স জোনে উদ্ভাবন

মেলার এক্সপেরিয়েন্স জোনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি প্রভৃতি বিষয়ে প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিক ক্লাব তাদের তৈরি ‘মঙ্গল তরী’ নামে একটি মার্স রোভার প্রদর্শন করছে।  পাথুরে ও অসমতল পথে চলাচল করতে সক্ষম এই যানে মাটির নমুনা সংগ্রহসহ বিভিন্ন সুবিধা রয়েছে।  ক্লাবটির প্রেসিডেন্ট তাসিন আহসান হৃদি জানান, তাদের আরও উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ‘ডুবুরী’, ‘অন্বেষা’, ‘নাবিক’ ও ‘অগ্নিবীর’।

অন্যদিকে ‘অ্যারোলাইট’ প্রকল্পে বিভিন্ন বিমানের রেপ্লিকা মডেল প্রদর্শন করা হচ্ছে। প্র কল্পপ্রধান মো. খালিদ হোসেন জানান, এসব মডেল শুধু নান্দনিক উপস্থাপনার জন্যই নয়; বরং এফপিভি ক্যামেরা, ভিআর গ্লাস, জিপিআরএস ম্যাপিং এবং কৃষিকাজেও ব্যবহারযোগ্য।

মেলায় বিভিন্ন অফার

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় অফার দিচ্ছে।

আম্বার আইটি তাদের গ্রাহকদের জন্য ‘স্পিন অ্যান্ড উইন’ অফার চালু করেছে। লটারির মাধ্যমে পাওয়া যাচ্ছে বিভিন্ন সুবিধা, যেমন- দুই মাস ব্যবহারের পর এক মাস ফ্রি সংযোগ কিংবা আইপি ফোনে টকটাইম।

রেস অনলাইন তাদের প্রিমিয়াম ভিপিএস হোস্টিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।  পাশাপাশি অরবিটক আইপি কলিং অ্যাপে ১০০ টাকার সুবিধা এবং কিছু ইন্টারনেট প্যাকেজে বিনামূল্যে বিনোদন প্ল্যাটফর্ম ও রিয়েল আইপি দিচ্ছে। সব প্যাকেজেই থাকছে টেলিমেডিসিন সেবা।

প্লেক্সাস ক্লাউড ‘স্বাধীন ওয়াই-ফাই’ নামে একটি অ্যাপ বিনামূল্যে দিচ্ছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারী একসঙ্গে প্রায় এক হাজার ডিভাইসে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন।  গ্রাম ও প্রান্তিক অঞ্চলে এটি কম খরচে সংযোগ বিস্তারে সহায়ক হতে পারে।

সি-ডাটা নতুন প্রযুক্তির ‘ওয়াই-ফাই অনু’ ডিভাইস প্রদর্শন করছে, যেখানে এক ডিভাইসেই সংযোগ ও ওয়াই-ফাই সুবিধা মিলবে।  পাশাপাশি তারা প্রথমবারের মতো দেশে এক্সজিএস ওএলটি প্রযুক্তি এনেছে, যা উচ্চগতির ব্রডব্যান্ড সেবায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

প্রযুক্তি, উদ্ভাবন ও সেবার সমন্বয়ে এবারের ব্রডব্যান্ড এক্সপো দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে এক প্রাণবন্ত অভিজ্ঞতার মঞ্চ।

এমএএইচ

শেয়ার করুনঃ