‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে সোমবার
Published : ১৩:১৭, ১২ এপ্রিল ২০২৬
দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল (১৩ এপ্রিল)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। এর মাধ্যমে দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
আগামীকাল অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
গতকাল (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এতে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞাঁসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিননের এই এক্সপোতে তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। এবারের আয়োজনে থাকছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল।
এক্সপোর অন্যতম আকর্ষণ ‘এক্সপেরিয়েন্স জোন’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি-ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।
আয়োজকরা আশা করছেন, এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতকে আরও এগিয়ে নিতে এবং প্রযুক্তি উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রডব্যান্ড এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পণ্য ও সেবায় ছাড় ও অফার ঘোষণা করবে।
এমএএইচ













