সোমবার; ০৬ এপ্রিল ২০২৬; ২৩ চৈত্র ১৪৩২

পাম্পে পাম্পে না ঘুরে আগে দেখুন ‘তেল কই’ ওয়েবসাইট, সহজে মিলবে তেল ছবি: এআই দিয়ে তৈরি

পাম্পে পাম্পে না ঘুরে আগে দেখুন ‘তেল কই’ ওয়েবসাইট, সহজে মিলবে তেল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১১:৫৩, ৬ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন এখন প্রতিদিনের দৃশ্য। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবের আশঙ্কায় সারাদেশের পাম্পগুলোতে ভিড় বেড়েছে, আর এতে চালকদের ভোগান্তিও বাড়ছে। অনেক ক্ষেত্রে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল না পেয়ে সময় ও জ্বালানি দুই-ই অপচয় হচ্ছে।

এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিতে চালু হয়েছে তেল কই নামের একটি ওয়েবসাইট। এটি ব্যবহার করে চালকেরা গাড়ি নিয়ে বের হওয়ার আগেই জানতে পারছেন কোন পাম্পে তেল আছে, কোথায় নেই। কোন পাম্পে কত দীর্ঘ লাইন।

ওয়েবসাইটটি মূলত কমিউনিটিনির্ভর তথ্যের ভিত্তিতে পরিচালিত। ব্যবহারকারীরাই সরাসরি পাম্পে তেলের উপস্থিতি বা সংকটের তথ্য যুক্ত করছেন। দেশের বিভিন্ন অঞ্চলের শত শত ফিলিং স্টেশন ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। কোনও পাম্প তালিকায় না থাকলে সেটিও যুক্ত করার সুযোগ রয়েছে।

এ সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো লাইভ আপডেট। ব্যবহারকারীরা সরাসরি পাম্প থেকে তথ্য দিয়ে তা হালনাগাদ করছেন। তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য রাখা হয়েছে ভোটিং ব্যবস্থা- কোনও তথ্যের সঙ্গে একমত হলে ব্যবহারকারীরা হ্যাঁ এবং ভিন্নমত হলে না ভোট দিতে পারেন। এতে করে ধীরে ধীরে তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ছে।

ওয়েবসাইটে প্রবেশ করলে নির্দিষ্ট পাম্পে পেট্রল, অকটেন বা ডিজেল পাওয়া যাচ্ছে কি না, তা দেখা যায়। পাশাপাশি লিটারপ্রতি দাম, পাম্পে ভিড়ের অবস্থা বা দীর্ঘ লাইনের তথ্যও ব্যবহারকারীদের মন্তব্য থেকে জানা সম্ভব।

এর উদ্যোক্তা সজিব খান। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক। বর্তমানে তিনি পাঠাও কুরিয়ারে ডেটা অ্যানালিটিকস ও এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। এর আগে তিনি ইন্টারঅ্যাকটিভ কেয়ারে লিড ডেটা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তিন হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। 

ওয়েবসাইটের ঠিকানা: https://telkoi.duckdns.org/ 

এমএএইচ

শেয়ার করুনঃ