ইউটিউবে আসছে এআই সার্চ সুবিধা ‘আস্ক ইউটিউব’
Published : ১৭:৩০, ৩০ এপ্রিল ২০২৬
ভিডিও খোঁজার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবটের সঙ্গে কথা বলে বা প্রম্পট লিখে দ্রুত কাঙ্ক্ষিত ভিডিও খুঁজে পাবেন।
বর্তমানে ইউটিউবের সার্চ বক্সে কোনও শব্দ লিখলে সংশ্লিষ্ট ভিডিওর একটি তালিকা দেখায়। তবে নতুন এই সুবিধাটি অনেকটা চ্যাটবটের মতো কাজ করবে। এটি কেবল ভিডিও খুঁজতেই সাহায্য করবে না, বরং দীর্ঘ ভিডিওর সারসংক্ষেপ তৈরি এবং ভিডিওর বিষয়বস্তু নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ভিডিওতে প্রদর্শিত কোনও পণ্য বা তথ্য সম্পর্কে জানতে ব্যবহারকারীকে অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে না।
যেভাবে কাজ করবে ‘আস্ক ইউটিউব’
সার্চ ইন্টারফেস: সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি নতুন বাটন যুক্ত হবে।
চ্যাটবট সুবিধা: বাটনে ক্লিক করলে একটি চ্যাট ইন্টারফেস খুলবে, যেখানে সরাসরি প্রশ্ন করা বা প্রম্পট দেওয়া যাবে।
তাৎক্ষণিক উত্তর: এআই তাৎক্ষণিকভাবে উত্তরের পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্ত রূপ বা প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করবে। এমনকি ভিডিও চলাকালেও এটি সক্রিয়ভাবে তথ্য সরবরাহ করতে পারবে।
প্রাথমিকভাবে ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, কোরিয়ান, আরবি, থাই, ইন্দোনেশীয় ও জাপানি- এই ৯টি ভাষায় আপাতত সুবিধাটি পাওয়া যাবে।
এমএএইচ
















