ইউটিউবের বিজ্ঞাপন এড়াবেন যেভাবে
Published : ১৫:২০, ২ মার্চ ২০২৬
ভিডিও দেখার মাঝখানে হঠাৎ বিজ্ঞাপন- এ অভিজ্ঞতা এখন নিত্যদিনের। বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব মূলত বিজ্ঞাপন থেকেই আয় করে। এতে নির্মাতারা পারিশ্রমিক পান, আর ব্যবহারকারীরা বিনা মূল্যে কনটেন্ট উপভোগের সুযোগ পান। তবে টানা বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
সাধারণত অধিকাংশ ইন-স্ট্রিম বিজ্ঞাপন ১৫ সেকেন্ড বা তার কম সময়ের হয়। বেশিরভাগ ক্ষেত্রে ৫ সেকেন্ড পর বিজ্ঞাপন এড়ানোর সুযোগ আসে। তখন নির্দিষ্ট বোতামে চাপ দিলেই মূল ভিডিওতে ফিরে যাওয়া যায়। তবে কিছু বিজ্ঞাপন নির্মাতারা এমনভাবে নির্ধারণ করেন, যা এড়ানো যায় না। বিশেষ করে স্মার্ট টিভিতে তুলনামূলক দীর্ঘ বিজ্ঞাপন বিরতি দেখা যেতে পারে।
একই বিজ্ঞাপন বারবার দেখালে বিজ্ঞাপনের তথ্য অপশন থেকে সেটি আর না দেখানোর অনুরোধ করা যায়। প্রয়োজনে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে, যদি বিজ্ঞাপনটি নীতিমালা ভঙ্গ করে। এছাড়া ব্যক্তিগতকরণ বন্ধ করলে আগ্রহভিত্তিক বিজ্ঞাপন কিছুটা কমানো সম্ভব, যদিও এতে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ হয় না।
সবচেয়ে কার্যকর ও বৈধ উপায় হলো প্রিমিয়াম সেবা নেওয়া। এতে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যায় এবং নির্মাতারাও তাদের প্রাপ্য আয় পান।
আগে বিভিন্ন ব্রাউজারে বিজ্ঞাপন প্রতিরোধক ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন বন্ধ করা যেত। তবে নতুন নীতিমালার কারণে অনেক ক্ষেত্রে সেগুলোর কার্যকারিতা সীমিত হয়ে গেছে। বিকল্প কিছু ব্রাউজার ও হালনাগাদ প্রতিরোধক এখনও ব্যবহার করা গেলেও ভবিষ্যতে সেগুলো কাজ নাও করতে পারে।
সব মিলিয়ে, পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার জন্য বৈধ সাবস্ক্রিপশনই সবচেয়ে নিরাপদ পথ। তবে ব্যবহারকারীদের জন্য এখনও কিছু সীমিত বিকল্প খোলা রয়েছে।
এমএএইচ















