ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সেবা
Published : ১৩:০৫, ১ জুন ২০২৬
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে মেটা। ‘মেটা ওয়ান’ ব্র্যান্ডের আওতায় আনা হবে এসব সেবা।
মেটার ঘোষণা অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের মাসিক মূল্য ৩.৯৯ ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের মূল্য ২.৯৯ ডলার। সাবস্ক্রাইবাররা প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ প্রতিক্রিয়া, অতিরিক্ত স্টোরি সুবিধা ও প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন।
ইনস্টাগ্রাম প্লাসে স্টোরি ভিউয়ার্স সম্পর্কে বাড়তি তথ্য, দীর্ঘ সময় স্টোরি প্রদর্শন এবং নাম গোপন রেখে স্টোরি দেখার সুবিধা থাকবে। হোয়াটসঅ্যাপ প্লাসে যুক্ত হবে কাস্টম থিম, রিংটোন, অতিরিক্ত চ্যাট পিন ও প্রিমিয়াম স্টিকার।
একই সঙ্গে ‘মেটা ওয়ান প্লাস’ ও ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ নামে এআইভিত্তিক দুটি সাবস্ক্রিপশন পরিকল্পনার পরীক্ষাও শুরু করবে প্রতিষ্ঠানটি। এতে উন্নত বিশ্লেষণ, বেশি কম্পিউটিং সক্ষমতা এবং অতিরিক্ত ছবি ও ভিডিও তৈরির সুবিধা মিলবে।
কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়ীদের জন্যও নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার ঘোষণা দিয়েছে মেটা। বাংলাদেশসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এসব সেবায় ভেরিফায়েড ব্যাজ, উন্নত বিশ্লেষণ, কনটেন্ট প্রচার ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনার বাড়তি সুবিধা থাকবে।
এমএএইচ














