এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের জাতীয় দল ঘোষণা
Published : ১৩:২৪, ১ জুন ২০২৬
আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠেয় তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইওএআই) এবং ১৩ জুনের এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (এপিওএআই) জন্য বাংলাদেশের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
তিন মাসব্যাপী নির্বাচন প্রক্রিয়া ও ২০ থেকে ২৩ মে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের ভিত্তিতে দল দুটি গঠন করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক অলিম্পিয়াডের জন্য আট সদস্য এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য চার সদস্যের দল নির্বাচন করা হয়েছে।
এপিওএআইয়ে বাংলাদেশের দলে রয়েছেন লাবিব শাহরিয়ার, ত্রিদিব রায় আর্য, মোবতাসিম চৌধুরী প্রিয়ম, সাইদুজ্জামান আরাফ, নওফেল রহমান, মুর্তজা আব্দুল্লাহ, অনন্য জারিফ আকন্দ ও নাইরাহ নাওয়ার আহমেদ। তারা ১৩ জুন ঢাকা থেকে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেবেন।
আইওএআইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লাবিব শাহরিয়ার, মোবতাসিম চৌধুরী প্রিয়ম, সাইদুজ্জামান আরাফ এবং অনন্য জারিফ আকন্দ। দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
এবারের বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে ‘এআই কুইজ’ ও ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সিলেকশন ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে মেশিন লার্নিং কনটেস্ট, ভাইভা, পাইথন নোটবুক মূল্যায়ন ও সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত দল নির্ধারণ করা হয়।
তরুণদের এআই ও মেশিন লার্নিংয়ে দক্ষ করে তুলতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক নিয়মিতভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করে আসছে।
এমএএইচ













