অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন করবে সরকার
Published : ১৫:২৬, ২৪ মে ২০২৬
বাংলাদেশে অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন করবে সরকার। প্রায় ১৫৯ বছর পুরোনো ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ বাতিল করে আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকার অনলাইন ও অফলাইন জুয়া এবং বেটিং কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে চায়। এজন্য একটি নতুন আইন প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনেই পাস করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “১৮৬৭ সালের মান্ধাতা আমলের পুরোনো আইনটি পুরোপুরি বাতিল করে বর্তমান সময়ের ইন্টারনেটভিত্তিক অপরাধের উপাদান যুক্ত করে এটি সাজানো হচ্ছে।”
সরকারের এই উদ্যোগের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দেশে দ্রুত বিস্তার লাভ করা অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্যাসিনো ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জুয়ার নেটওয়ার্ক। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল কেন্দ্রিক বেটিং অ্যাপ তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ।
বিশ্লেষকদের মতে, দেশে স্মার্টফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার বিস্তারের কারণে অনলাইন জুয়ার বিস্তারও বেড়েছে। ফলে শুধু প্রচলিত আইনে নয়, ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনি কাঠামো তৈরির দাবি দীর্ঘদিন ধরেই ছিল।
এমএএইচ












