বিদেশি বিনিয়োগে কর ছাড় দাবি, ‘অবকাশ ভাবনা ছাড়ুন’ বললো এনবিআর
Published : ১৪:৩৮, ২২ এপ্রিল ২০২৬
সেমিকন্ডাক্টর খাতে ১৫ বছরের কর-অবকাশ সুবিধা চাইলেও তা নাকচ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক্-বাজেট আলোচনায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) নেতারা এই দাবি তোলেন। ইলেকট্রনিকসহ মোট নয়টি সংগঠন তাদের বাজেট প্রস্তাব উপস্থাপন করে।
বিএসআইএর সভাপতি মো. আবদুল জব্বার বলেন, দেশে প্রতিবছর প্রায় ২০ হাজার স্নাতক এ খাতের উপযোগী হয়ে বের হচ্ছেন এবং ৪০টি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত রয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর–অবকাশ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর–অবকাশের ধারণা থেকে সরে আসার পরামর্শ দিয়ে বলেন, “ব্যবসা করলে কর দিতে হবে-কম হোক বা বেশি।”
আলোচনায় অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে জটিলতার কথাও তুলে ধরে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক মহসিন ভূঁইয়া জানান, সিস্টেম আপডেট না হওয়ায় তারা পুরোনো পদ্ধতিতেই ভ্যাট দিচ্ছেন। বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান।
এমএএইচ














