মঙ্গলবার; ২১ এপ্রিল ২০২৬; ৮ বৈশাখ ১৪৩৩

আয় কমলেও শেয়ারহোল্ডারদের জন্য বড় লভ্যাংশ গ্রামীণফোনের ছবি- সংগৃহীত

আয় কমলেও শেয়ারহোল্ডারদের জন্য বড় লভ্যাংশ গ্রামীণফোনের

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৭, ২০ এপ্রিল ২০২৬

গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী আয়োজিত এই সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করেন। প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে লভ্যাংশ দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ টাকা, যা কর-পরবর্তী মুনাফার ৯৮ দশমিক ২ শতাংশ।

সভায় কোম্পানির চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর হলেও সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখে ২০২৬ সালেও পরীক্ষার মুখে পড়তে হতে পারে। তিনি জানান, শক্ত ভিত্তি গড়ে তোলা, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করায় প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, ২০২৫ সালে কোম্পানির মোট আয় সামান্য কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১০ কোটি টাকা। গ্রাহকসংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। কর-পরবর্তী নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬০ কোটি টাকা।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জের মধ্যেও ডিজিটাল সেবা সম্প্রসারণ, নতুন প্ল্যাটফর্ম চালু এবং নেটওয়ার্ক উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সেবা ও পরিচালনায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় কোম্পানির বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এমএএইচ

শেয়ার করুনঃ