এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ, ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত
Published : ১২:৫৪, ৭ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক কমিউনিটি প্ল্যাটফর্ম দ্য এআই কালেকটিভের বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শনিবার (৬ জুন) এই কর্মসূচি আয়োজন করা হয়।
‘হিউম্যানস ইন এআই উইক’ উপলক্ষে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থী, প্রযুক্তি পেশাজীবী, প্রকৌশলী, ব্যাংকার, উদ্যোক্তা এবং এআই অনুশীলনকারীরা অংশ নেন। আয়োজকদের দাবি, দেশে এআই প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে এটিই প্রথম জনসচেতনতামূলক মানববন্ধন।
অংশগ্রহণকারীরা এআই প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি এর অপব্যবহার থেকে উদ্ভূত বিভিন্ন ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, শিক্ষা ক্ষেত্রে প্লেজিয়ারিজম, ব্যবসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, কর্মসংস্থানে পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে জীবনঝুঁকিপূর্ণ ব্যবহার- এসব বিষয়ে এখনই সচেতনতা প্রয়োজন।
মানববন্ধনে ‘এআই সহায়ক, বিকল্প নয়’, ‘পড়াশোনায় এআই নির্ভরতা নয়’, ‘ক্লিক করার আগে ভাবুন’ এবং ‘আমাদের পৃথিবী, আমাদের নিয়ম- মেশিনের নয়’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
আয়োজকরা বলেন, এআইভিত্তিক প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অবশ্যই নৈতিক, দায়িত্বশীল এবং মানবকেন্দ্রিক হতে হবে, যাতে এর সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সম্ভাব্য অপব্যবহার প্রতিরোধ করা সম্ভব হয়।
দ্য এআই কালেকটিভ বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাপ্টার লিড মোহাম্মদ আশিফ দেশের খসড়া এআই নীতিমালা দ্রুত চূড়ান্তকরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এআই বিশেষজ্ঞ ও সংগঠনটির সদস্য খ. এহসানুল হক বলেন, মানুষের সক্ষমতা বৃদ্ধি, আস্থা রক্ষা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এআই প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার করা উচিত। তিনি বলেন, ‘ভবিষ্যৎ এআই বনাম মানুষের নয়; বরং দায়িত্বশীলভাবে মানুষ ও এআইয়ের একসঙ্গে কাজ করার।’
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধন ও পদযাত্রা হাইকোর্ট সড়ক ও দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে লুজলি কাপলড টেকনোলজিস এবং টেকনট্যালেন্টস।
প্রসঙ্গত, বিশ্বে গত ১ থেকে ৭ জুন পর্যন্ত পালিত হচ্ছে এআই উইক। এই উপলক্ষে বাংলাদেশেও এর সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে এআই সপ্তাহ।
এমএএইচ














