বৃহস্পতিবার; ৩০ এপ্রিল ২০২৬; ১৭ বৈশাখ ১৪৩৩

ফেসবুকে ভুয়া আইডির ছড়াছড়ি, চিনবেন যেভাবে ছবি: এআই দিয়ে তৈরি

ফেসবুকে ভুয়া আইডির ছড়াছড়ি, চিনবেন যেভাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:০৯, ৩০ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, ভুয়া বা ফেক আইডির ব্যবহার বাড়ছে। অনেক ব্যবহারকারী এসব অ্যাকাউন্টকে গুপ্ত আইডি হিসেবেও উল্লেখ করেন। এ ধরনের আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, প্রতারণা কিংবা অপপ্রচার চালানোর ঘটনা বাড়ায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া আইডি চিহ্নিত করতে কিছু সাধারণ লক্ষণ খেয়াল রাখা জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে এসব আইডিতে বাস্তব নামের পরিবর্তে ছদ্মনাম ব্যবহার করা হয়। প্রোফাইলে শিক্ষা, কর্মস্থল বা ব্যক্তিগত তথ্য অসম্পূর্ণ বা সন্দেহজনক থাকে।

অনেক ভুয়া আইডি হঠাৎ তৈরি হয়ে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক হারে পোস্ট বা মন্তব্য করে। আবার কিছু অ্যাকাউন্টে দীর্ঘ সময় কোনও কার্যক্রম দেখা যায় না। প্রোফাইল ছবি ও কভার ফটোতেও অসঙ্গতি থাকে; অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যক্তির ছবি না দিয়ে স্টক ছবি, কার্টুন বা অন্য কারও ছবি ব্যবহার করা হয়।

বন্ধু তালিকাতেও অস্বাভাবিকতা দেখা যায়। কোনও কোনও আইডিতে বন্ধু সংখ্যা খুব কম, আবার কিছু ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বেশি হলেও বাস্তব যোগাযোগের প্রমাণ মেলে না। এসব অ্যাকাউন্ট থেকে উসকানিমূলক, বিভ্রান্তিকর বা কপি-পেস্ট করা পোস্ট বেশি দেখা যায় এবং ভাষার ব্যবহারে অসংগতি লক্ষ্য করা যায়।

এছাড়া ভুয়া আইডি পরিচালনাকারীরা প্রায়ই নাম, ছবি বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন করে পরিচয় গোপন রাখার চেষ্টা করে।

ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহজনক আইডি থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করাই নিরাপদ। ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে যাচাই করা এবং প্রয়োজনে রিপোর্ট বা ব্লক করার পরামর্শ দিয়েছেন তারা।

তাদের মতে, অনলাইনে নিরাপত্তার সবচেয়ে কার্যকর উপায় হলো ব্যবহারকারীর সচেতনতা। সতর্কতা বাড়লে ভুয়া আইডির ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব।

এমএএইচ

শেয়ার করুনঃ