মঙ্গলবার; ১৭ মার্চ ২০২৬; ২ চৈত্র ১৪৩২

ভুয়া পরিচয়ে কনটেন্ট ঠেকাতে ফেসবুকের নতুন উদ্যোগ ছবি: এআই/ইনফোটেক ইনসাইট ডট কম

ভুয়া পরিচয়ে কনটেন্ট ঠেকাতে ফেসবুকের নতুন উদ্যোগ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৫৬, ১৬ মার্চ ২০২৬

ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে অন্যের তৈরি কনটেন্ট নিজের নামে প্রকাশের অভিযোগ বাড়ায় কনটেন্ট নির্মাতাদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এর অংশ হিসেবে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের পাশাপাশি নকল কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে। একই সঙ্গে মৌলিক কনটেন্টের সংজ্ঞা স্পষ্ট করে কনটেন্টসংক্রান্ত নির্দেশিকাও হালনাগাদ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিম্নমানের পোস্ট ও কপি করা কনটেন্ট দ্রুত বাড়ছে, যা প্ল্যাটফর্মের পরিবেশের ওপর প্রভাব ফেলছে। এ কারণে গত বছর থেকেই স্প্যামধর্মী ও অরিজিনাল নয় এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় মেটা।

নতুন পরীক্ষামূলক টুলের মাধ্যমে কোনও নির্মাতার তৈরি রিলস অন্য কেউ ভুয়া পরিচয়ে প্রকাশ করলে তা শনাক্ত করা সহজ হবে। নির্মাতারা একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে সেই কনটেন্ট চিহ্নিত করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

হালনাগাদ নির্দেশিকা অনুযায়ী, নির্মাতা নিজে ধারণ বা তৈরি করেছেন- এমন কনটেন্টকে মৌলিক হিসেবে ধরা হবে। অন্য কনটেন্ট ব্যবহার করে বিশ্লেষণ, আলোচনা বা নতুন তথ্য যুক্ত করে তৈরি করা রিমিক্স বা ওভারলে ধরনের রিলসও মৌলিক হিসেবে গণ্য হবে। তবে অন্যের কনটেন্ট সামান্য সম্পাদনা করে বা প্রায় একইভাবে পুনরায় প্রকাশ করলে তা মৌলিক হিসেবে বিবেচিত হবে না।

এদিকে এআইনির্ভর ভুয়া কনটেন্টের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি ইউটিউব জানিয়েছে, তারা এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও শনাক্তের প্রযুক্তি হালনাগাদ করছে।

এমএএইচ

শেয়ার করুনঃ