রোববার; ২৬ এপ্রিল ২০২৬; ১৩ বৈশাখ ১৪৩৩

আড়াই হাজার টাকায় স্মার্টফোন,  ডিজিটাল আইডি ও ওয়ালেট সবার জন্য ছবি- সংগৃহীত

আড়াই হাজার টাকায় স্মার্টফোন, ডিজিটাল আইডি ও ওয়ালেট সবার জন্য

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৪, ২৫ এপ্রিল ২০২৬

স্মার্টফোনের দাম আড়াই হাজার টাকায় নামিয়ে আনা, মনিটরের ওপর কর কমানো এবং টেলিকম খাতের গুরুত্বপূর্ণ (কেপিআই) প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকের পরিচয় ও আর্থিক লেনদেন একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ধাপে ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে নতুন টেলিকম পলিসি: উদ্যোক্তাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

উপদেষ্টা বলেন, টেলিকম খাতকে রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে ভবিষ্যৎ শিল্প হিসেবে গড়ে তুলতে হবে। সরকারের লক্ষ্য, দেশের ৯০ শতাংশ জনগণকে ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড এবং ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা। পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বতন্ত্র ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে।

কর কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, ১০০ টাকার সেবায় ৩৮ টাকা কর গ্রহণ যৌক্তিক নয়। পুরো ভ্যালু চেইনডিভাইস, উৎপাদন, সেবা ও রাজস্ব বণ্টনপুনর্বিবেচনা করা হচ্ছে, যাতে খাতটি আর্থিকভাবে টেকসই হয়।

মোবাইল গ্রাহকসংখ্যায় এগিয়ে থাকলেও সেবার মানে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এক ধরনের সমষ্টিগত ব্যর্থতা হলেও এটিকে সুযোগ হিসেবে নেওয়া উচিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় ব্রডব্যান্ড সেবায় পিছিয়ে থাকা স্বীকার করে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি।

সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে ভোক্তার স্বার্থ, এরপর ব্যবসা ও অর্থনীতির বিকাশ এবং তৃতীয়ত বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। আগামী দিনে এফডিআই জিডিপির ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাইবার নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়ীদের নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ উদ্ভাবক নয়, ব্যবহারকারী- তাই বিদেশি বিনিয়োগের সুযোগ রাখা জরুরি। তিনি আরও বলেন, প্রবৃদ্ধি আসে বিজ্ঞানের প্রয়োগ ও উদ্ভাবন থেকে। তাই ভয়েসনির্ভর সেবা থেকে ডেটানির্ভর সেবায় গুরুত্ব বাড়াতে হবে।

সভায় সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল মোবাইল অপারেটরদের আনলিমিটেড ওয়াই-ফাই সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শহরে ফ্রি সেবা থাকলেও গ্রামে এখনো ব্রডব্যান্ড ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির। টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। আলোচনায় অংশ নেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকারসহ আরও অনেকে।

এমএএইচ

শেয়ার করুনঃ