উইন্ডোজ ১১ -এর নতুন আপডেটে নিয়ন্ত্রণ বাড়লো ব্যবহারকারীর
Published : ১৮:১৯, ২৫ এপ্রিল ২০২৬
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমে নিয়ে এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন এই আপডেটের ফলে এখন থেকে কম্পিউটার বা ল্যাপটপের স্বয়ংক্রিয় আপডেট নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি ব্যবহারকারীর হাতে থাকবে। এর ফলে হুটহাট কাজের মাঝে অনাকাঙ্ক্ষিত রিবুট বা সিস্টেম স্লো হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন কোটি কোটি গ্রাহক। বিশেষ করে যারা পেশাদার কাজে দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত স্বস্তিদায়ক হবে।
'দ্য ভার্জ'-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, এই নতুন পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা চাইলে তাদের সিস্টেমের আপডেট টানা ৩৫ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারবেন। আগে এই সুবিধাটি বেশ সীমিত থাকলেও এখন তা আরও সহজ করা হয়েছে। ব্যবহারকারী যখন মনে করবেন তার হাতে পর্যাপ্ত সময় আছে, কেবল তখনই তিনি নিজের পছন্দমতো সময়ে এই আপডেটগুলো ইনস্টল করার সুযোগ পাবেন। মূলত গ্রাহকদের ফিডব্যাক এবং ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
নিরাপত্তা এবং গতির ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগটি প্রযুক্তি বিশ্বে বেশ প্রশংসিত হচ্ছে। ব্যবহারকারীরা এখন আর আপডেটের জন্য জোরপূর্বক সিস্টেম বন্ধ হওয়ার ভয়ে থাকবেন না। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, দীর্ঘ সময় আপডেট বন্ধ রাখা নিরাপদ নয়, কারণ এতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাচগুলো বাদ পড়ে যেতে পারে। সব মিলিয়ে মাইক্রোসফটের এই পদক্ষেপটি অপারেটিং সিস্টেম পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতা প্রদান করবে।
এমএএইচ















