এআই অলিম্পিয়াডের ঢাকা পর্বে অংশ নিলো শতাধিক শিক্ষার্থী
Published : ১৮:০৫, ২ মে ২০২৬
উৎসবমুখর পরিবেশে শনিবার (২ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব।
আয়োজকরা জানান, ঢাকাসহ আশপাশের ছয়টি জেলার কয়েকশ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন তারা।
শনিবার সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং চ্যালেঞ্জ’- এই দুই বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত কোডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সময়ে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলে কুইজ পর্ব।
এরপর কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ‘এআই-এর গল্প’ শিরোনামে মেশিন লার্নিং বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বেলা ১১টা ১০ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে এআই কুইজে ৯ জন এবং কোডিং চ্যালেঞ্জে ১৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দুই বিভাগে ভালো করা আরও কিছু শিক্ষার্থীকে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে। তাদের নাম পরে প্রকাশ করা হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির পরিচালক অধ্যাপক ড. বি. এম. মাইনুল হোসেন, বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং জাদু পিসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর হান্নান।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সভাপতি মুনির হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমানের বাস্তবতা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নেবে।” তিনি বিজয়ীদের জন্য বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে শতভাগ ওয়েভার দেওয়ার ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, “বাংলাদেশের তরুণদের মেধা ও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এআই অলিম্পিয়াড তাদের সেই সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করছে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক আহসান হাবীব বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজক সংস্থা বিডিওএসএন জানায়, ঢাকা আঞ্চলিক পর্বের সফল আয়োজন এআই বিষয়ে শিক্ষার্থীদের বাড়তে থাকা আগ্রহের প্রতিফলন। এই পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।
এমএএইচ















