বুধবার; ১০ জুন ২০২৬; ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিএক্স গ্রুপের হাত ধরে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের নতুন যাত্রা ছবি- সংগৃহীত

ডিএক্স গ্রুপের হাত ধরে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের নতুন যাত্রা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:১৩, ৯ জুন ২০২৬

বৈশ্বিক বাজারে নতুন উদ্যমে ফিরে আসার ধারাবাহিকতায় বাংলাদেশেও আবার যাত্রা শুরু করেছে হুয়াওয়ে ডিভাইস। ডিএক্স গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের বাজারে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল ও অডিও ডিভাইসসহ মোট ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

নাও ইজ ইয়োর স্পার্ক স্লোগানকে সামনে রেখে সোমবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশানের হুয়াওয়ে বাংলাদেশের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ডিভাইসগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মী, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট এবং অডিও ক্যাটাগরিতে এসব পণ্য বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে মেট ৮০ প্রো, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন মেট এক্স৭, এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী মেটপ্যাড ১১.৫। এছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ওয়াচ ফিট ৫ সিরিজ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ফ্রিক্লিপ ২-সহ নানা পণ্য।

উন্মোচিত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে ফোল্ডেবল স্মার্টফোন হুয়াওয়ে মেট এক্স ৭। বড় ডিসপ্লে ও মাল্টিটাস্কিং সুবিধাসমৃদ্ধ এই ডিভাইসটির দাম ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোন ক্যাটাগরিতে উন্মোচন করা হয়েছে হুয়াওয়ে মেট ৮০ প্রো, হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স এবং হুয়াওয়ে নোভা ওয়াই ৭৪। মডেলগুলোর দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং ২৯ হাজার ৯৯৯ টাকা। নতুন ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, উচ্চক্ষমতাসম্পন্ন পারফরম্যান্স এবং আধুনিক স্মার্ট ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তি উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের জাতীয় পরিবেশক (ন্যাশনাল ডিস্ট্রিবিউটর) হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করা হয়। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন এ বিষয় সম্পর্কে বলেন, হুয়াওয়ের মতো বিশ্বমানের একটি ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমাদের শক্তিশালী দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে হুয়াওয়ের সর্বাধুনিক ডিভাইসগুলো গ্রাহকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া হবে।

হুয়াওয়ে জানিয়েছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিক্রি হওয়া ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল যন্ত্রাংশ এবং বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ