মঙ্গলবার; ০৯ জুন ২০২৬; ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্টিনে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশোতে দারুণ সাড়া ছবি- সংগৃহীত

অস্টিনে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশোতে দারুণ সাড়া

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:১৫, ৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে শুরু হয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সিলিকন রিভার ও ব্রেইনগেইন ইউএসএ সেমিকন্ডাক্টর রোডশো ২০২৬। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচিতে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বিএসআইএর সভাপতি এম. এ. জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এএমডি, এনএক্সপি ও টোকিও ইলেকট্রনের (টিইএল) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সেখানে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ভিশন, দক্ষ জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান, ডিজিটাল টুইন প্রযুক্তি ও অ্যাডভান্সড প্যাকেজিংয়ের সম্ভাবনা তুলে ধরেন। এ সময় ডিএসআই, আইটটেস্ট বাংলাদেশ, নিউরাল সেমিকন্ডাক্টর ও সিলিকোনোভাও নিজেদের সক্ষমতা উপস্থাপন করে।

অন্যদিকে, ব্রেইনগেইন অস্টিন সংবর্ধনায় প্রায় ৭৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত সেমিকন্ডাক্টর পেশাজীবী অংশ নেন। আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের সম্মিলিত অভিজ্ঞতা ১৫০০ বছরেরও বেশি। অনুষ্ঠানে বাংলাদেশের জন্য একটি বাস্তবভিত্তিক ডিপটেক ও সেমিকন্ডাক্টর রোডম্যাপ তুলে ধরা হলে তা উপস্থিত বিশেষজ্ঞদের প্রশংসা পায়।

বিএসআইএ জানিয়েছে, রোডশোর পরবর্তী আয়োজন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প, প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ ও দেশের প্রযুক্তি খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ