বৃহস্পতিবার; ১১ জুন ২০২৬; ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের উত্তাপ এবার ওটিটিতে, দেশে খেলা দেখাবে একাধিক অ্যাপ ছবি: এআই দিয়ে তৈরি

বিশ্বকাপের উত্তাপ এবার ওটিটিতে, দেশে খেলা দেখাবে একাধিক অ্যাপ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:১৫, ১০ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর নির্ঘুম রাত। একসময় এই উন্মাদনার কেন্দ্র ছিল টেলিভিশন। কিন্তু প্রযুক্তির বদলে যাওয়া বাস্তবতায় এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বড় একটি অংশ দখল করে নিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে বসেই প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আর এ সুযোগকে কাজে লাগাতে মাঠে নেমেছে দেশের টেলিকম অপারেটর ও ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলো।

১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। বাংলাদেশে এবার একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। এর মধ্যে রয়েছে বায়োস্কোপ+, মাইজিপি, স্কিটো, টফি, ট্যাপম্যাড, মাই রবি, আইস্ক্রিন, আকাশ গো ইত্যাদি।

বিশ্বকাপকে সামনে রেখে সবচেয়ে বড় ঘোষণা এসেছে গ্রামীণফোনের কাছ থেকে। প্রতিষ্ঠানটির টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ -এ সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ম্যাচ। এর বিশেষত্ব হলো, শুধু গ্রামীণফোন গ্রাহক নয়, যেকোনও মোবাইল অপারেটরের ইন্টারনেট ব্যবহারকারীরাই এই প্ল্যাটফর্মে খেলা দেখতে পারবেন।

বায়োস্কোপ+ এর পাশাপাশি গ্রামীণফোনের মাইজিপি এবং স্কিটো অ্যাপেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকবে। দর্শকদের জন্য বিশেষ ডাটা ও স্ট্রিমিং অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সীমিত সময়ের একটি অফারের আওতায় মাত্র ৯৭ টাকায় বিশ্বকাপ উপভোগের সুবিধা দেওয়া হচ্ছে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের কাছে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

অন্যদিকে, বাংলালিংকের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি-ও বিশ্বকাপ সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। গত কয়েক বছরে ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ ও বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট সম্প্রচারের মাধ্যমে টফি দেশের ডিজিটাল দর্শকদের কাছে পরিচিত একটি নাম হয়ে উঠেছে। ফলে এবারের বিশ্বকাপেও বড় সংখ্যক দর্শক টানার প্রত্যাশা করছে প্ল্যাটফর্মটি।

বিশ্বকাপ সম্প্রচারের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার পরিচিত স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রচারে অভিজ্ঞ এই প্ল্যাটফর্মটি বাংলাদেশি দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি পর্যন্ত বিভিন্ন ডিভাইসে খেলা দেখার সুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমী দর্শকদের কাছে এটি একটি আকর্ষণীয় বিকল্প।

টেলিযোগাযোগ খাতের আরেক বড় অপারেটর রবি তাদের মাই রবি অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে। এতে রবি গ্রাহকেরা অ্যাপভিত্তিক ডিজিটাল সুবিধার পাশাপাশি ক্রীড়া বিনোদনও একই প্ল্যাটফর্মে পাবেন।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনও প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেই যেকোনও নেটওয়ার্ক থেকে এইচডি কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগ করা যাবে প্ল্যাটফর্মটিতে।

এদিকে দেশের ডিটিএইচ সেবাদাতা প্রতিষ্ঠান আকাশ ডিজিটালের ওটিটি প্ল্যাটফর্ম আকাশ গো-তেও বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে প্রচলিত টেলিভিশন ও মোবাইলভিত্তিক স্ট্রিমিংয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী ও মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বদলাচ্ছে কনটেন্ট দেখার অভ্যাসও। তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন টেলিভিশনের পরিবর্তে মোবাইল ডিভাইসেই খেলা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ফলে বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে দর্শক আকর্ষণের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।

কয়েক বছর আগেও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট দেখার প্রধান মাধ্যম ছিল টেলিভিশন। কিন্তু এখন দর্শকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে খেলা দেখতে চান। এই চাহিদা পূরণেই ওটিটি প্ল্যাটফর্মগুলো ডাটা অফার, সাবস্ক্রিপশন সুবিধা এবং উন্নত স্ট্রিমিং প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ