বুধবার; ০৪ ফেব্রুয়ারি ২০২৬; ২১ মাঘ ১৪৩২

বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ পেপ্যালের, তবে সময় লাগবে ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ পেপ্যালের, তবে সময় লাগবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:২৭, ২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে বহুজাতিক আর্থিক প্রযুক্তিপ্রতিষ্ঠান (পেমেন্ট প্রসেসর) পেপ্যাল। তবে নতুন কোনও বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় এতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে তার বিভিন্ন বৈঠক ও কার্যক্রম নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

লুৎফে সিদ্দিকী জানান, গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ডাব্লিউইএফ সম্মেলনের ফাঁকে পেপ্যালের সঙ্গে তার উচ্চপর্যায়ের বৈঠক হয়। নীতিগতভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রবেশে আগ্রহ প্রকাশ করেছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এই আগ্রহকে তাৎক্ষণিক কার্যক্রম শুরুর ইঙ্গিত হিসেবে দেখা ঠিক হবে না। কারণ, নতুন বাজারে প্রবেশের আগে পেপ্যালকে একটি দীর্ঘ অভ্যন্তরীণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ও পেপ্যালের মধ্যে আলোচনা বহু বছর ধরেই চলছিল। কিন্তু বিভিন্ন কারণে আগে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে আগ্রহী ছিল না। তার ধারাবাহিক অনুরোধের পর গত ডিসেম্বর পেপ্যালের একটি সিনিয়র পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে।

তিনি জানান, প্রতিনিধিদলটি চার থেকে পাঁচ দিন ধরে দেশের উদ্যোক্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

লুৎফে সিদ্দিকী বলেন, এই প্রথম আমি পেপ্যালের সঙ্গে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক করেছি। তারা আগ্রহী হলেও এখন নিজেদের অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু করবে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে পেপ্যালের ভেতরে আলোচনা, বিশ্লেষণ এবং পরিচালনা পর্ষদ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন হবে বলেও জানান তিনি। এসব ধাপ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু হচ্ছে-এমন কোনও প্রত্যাশা তৈরি করতে চায় না প্রতিষ্ঠানটি।

সূত্র: বাসস

এমএএইচ

শেয়ার করুনঃ