আয় ও মুনাফায় চাঙ্গা রবি, প্রথম প্রান্তিকে লাভ ২৩২ কোটি টাকা
Published : ১৭:৪৭, ৭ মে ২০২৬
চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৩২.৩ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে মোবাইল অপারেটর রবি।
অপারেটরটি জানিয়েছে, জানুয়ারি-মার্চ সময়ে তাদের মোট আয় হয়েছে ২ হাজার ৫৩১.২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪৪ টাকা। বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রবি।
প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নে ৩৪৯.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। একই সময়ে কর, ভ্যাট ও ফি বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে ২ হাজার ৭৩.৬ কোটি টাকা।
প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। এর মধ্যে ডাটা গ্রাহক ৪ কোটি ৪৫ লাখ এবং ফোরজি গ্রাহক ৪ কোটি ৩ লাখ। একজন ডাটা ব্যবহারকারী মাসে গড়ে ৮.৯৫ জিবি ডাটা ব্যবহার করেছেন, যা আগের বছরের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কোম্পানিটি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। তার ভাষ্য, নেটওয়ার্ক উন্নয়ন ও এআইনির্ভর সেবায় বিনিয়োগ এর পেছনে ভূমিকা রেখেছে।
এমএএইচ














