নতুন পণ্যের ‘বন্যা’ বইয়ে দেবে অ্যাপল, তালিকায় আইফোন থেকে ম্যাকবুক
Published : ১৪:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
চলতি বছরের প্রথম ভাগে প্রযুক্তিবিশ্বে ঝড় তুলতে প্রস্তুত মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। শিগগিরই বাজারে নতুন পণ্যের একটি বিশাল বহর বা ‘ফ্লাড’ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের প্রতিবেদন ও এন্টারপ্রেনার ম্যাগাজিনের তথ্যানুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছাতে পারে নতুন প্রজন্মের বেশ কিছু ডিভাইস।
সস্তায় আইফোন ১৭-ই
অ্যাপলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে আইফোন ১৭-ই। গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসছে। ৫৯৯ ডলার দামের এই ফোনে থাকবে আইফোন ১৭-এর শক্তিশালী এ১৯ চিপসেট। এছাড়া এতে প্রথমবারের মতো ম্যাগসেফ চার্জিং এবং অ্যাপলের নিজস্ব ইন-হাউস সেলুলার চিপ ব্যবহারের গুঞ্জন রয়েছে। মূলত উদীয়মান বাজার এবং করপোরেট গ্রাহকদের লক্ষ্য করেই এই সাশ্রয়ী মডেলটি আনছে অ্যাপল।
আপডেটেড আইপ্যাড ও ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
ট্যাবলেটের বাজারে আধিপত্য ধরে রাখতে আইপ্যাডের নতুন সংস্করণ আনছে অ্যাপল। এর মধ্যে একটি হবে এন্ট্রি-লেভেলের আইপ্যাড, যাতে থাকবে এ১৮ চিপ। এরফলে প্রথমবারের মতো সাধারণ আইপ্যাডেও ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা মিলবে। পাশাপাশি এম৪ প্রসেসর নিয়ে আসছে নতুন আইপ্যাড এয়ার। নকশায় বড় পরিবর্তন না থাকলেও পারফরম্যান্সে এটি বড় এক লাফ দেবে বলে ধারণা করা হচ্ছে।
সস্তা ম্যাকবুক ও এম৫ প্রসেসর
ম্যাকবুক লাইনআপেও আসছে বড় পরিবর্তন। ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারে যুক্ত হচ্ছে অত্যাধুনিক এম৫ চিপ। তবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে একটি ‘লো-কষ্ট’ বা সস্তা ম্যাকবুক। ১৩ ইঞ্চির চেয়ে ছোট স্ক্রিনের এই ল্যাপটপে আইফোন-ক্লাস চিপ ব্যবহার করা হতে পারে। মূলত উইন্ডোজ ল্যাপটপ এবং ক্রোমবুকের সঙ্গে পাল্লা দিতেই শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীদের জন্য এই বাজেট ল্যাপটপ আনতে যাচ্ছে কুকার্টিনোর এই প্রতিষ্ঠানটি।
স্মার্ট হোম ডিভাইস অ্যাপল কেবল পকেট বা ব্যাগেই সীমাবদ্ধ থাকছে না, এবার ড্রয়িং রুমেও জায়গা করে নিতে চায় তারা। জানা গেছে, স্কয়ার শেপের আইপ্যাড সদৃশ একটি স্মার্ট হোম ডিসপ্লে বা কন্ট্রোল সেন্টার তৈরি করছে তারা। এর মাধ্যমে ঘরের লাইট, লক বা স্পিকার নিয়ন্ত্রণ করা যাবে।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের এই পণ্য প্রদর্শনী অ্যাপলের ইতিহাসে অন্যতম ব্যস্ততম সময় হতে যাচ্ছে। নতুন এই ডিভাইসগুলোর মাধ্যমে অ্যাপল মূলত তাদের ইকোসিস্টেমে আরও বেশি গ্রাহক টানতে চায়, যারা উন্নত ফিচারের পাশাপাশি দামের দিকেও সচেতন।
এমএএইচ















