দেশে নতুন হাইব্রিড এসইউভি নিয়ে এলো এমজি
Published : ১৬:৫১, ১৭ জানুয়ারি ২০২৬
দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি সিরিজ উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ির ব্র্যান্ড এমজি বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) এমজি বাজারে এনেছে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল।
নতুন এই হাইব্রিড এসইউভিগুলোর দাম শুরু হয়েছে ৪৯ লাখ টাকা থেকে। জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ এবং দেশের দৈনন্দিন ব্যবহার উপযোগী আধুনিক সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে এই মডেলগুলো।
এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটি তৈরি করা হয়েছে দৈনন্দিন ব্যবহার ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। গাড়িটিতে রয়েছে একটি স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১.৩ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। চালানোর পরিস্থিতি অনুযায়ী গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ও পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করে। বাস্তব ব্যবহারে এই মডেলটির জ্বালানি দক্ষতা লিটার প্রতি প্রায় ২৩.৮ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে। ফলে শহরের ভেতর এবং দীর্ঘ ভ্রমণ—দুই ক্ষেত্রেই এটি কার্যকর।
অন্যদিকে, এমজি এইচএস সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড মডেলটি তুলনামূলকভাবে আরও উন্নত বৈদ্যুতিক সুবিধা নিয়ে এসেছে। ৫৯ লাখ টাকা মূল্যের এই গাড়িতে রয়েছে ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধু বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে গাড়িটি। প্রতিদিনকার স্বল্প দূরত্বের যাতায়াতে এতে কোনও কার্বন নিঃসরণ হয় না। আবার ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংকের সম্মিলিত ব্যবহারে গাড়িটির মোট চলার সক্ষমতা ১ হাজার কিলোমিটারেরও বেশি।
মডেলের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে একটি ৭.৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দিচ্ছে এমজি বাংলাদেশ। এর জন্য ক্রেতাদের কোনও অতিরিক্ত খরচ বহন করতে হবে না।
এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, আজকের এই আয়োজন শুধু নতুন দুটি গাড়ি বাজারে আনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজি’র দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
এমএএইচ















