চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু
Published : ১১:৩৪, ১৫ মার্চ ২০২৬
চলন্ত ট্রেনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। গত শুক্রবার (১৩ মার্চ) থেকে কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন।
বিএসসিএলের জনসংযোগ কর্মকর্তা উমার হায়দার জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় পরীক্ষামূলকভাবে ট্রেনগুলোতে এই সংযোগ চালু করা হয়েছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগের অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু হয়েছে। যাত্রীরা ট্রেনের ভেতরে কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান বলেন, চলন্ত ট্রেনে এই সেবা চালু হলে যাত্রীরা ভ্রমণের সময়ই অনলাইন কাজ, ক্লাস বা অন্যান্য ডিজিটাল সেবা সহজে ব্যবহার করতে পারবেন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে আরও আন্তঃনগর ট্রেনে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
এমএএইচ
















