এমডব্লিউসি ২০২৬: রোবট ফোন দেখালো অনার
Published : ১৪:৪৫, ৪ মার্চ ২০২৬
অনার বিশ্বের সবচেয়ে বড় মোবাইল প্রযুক্তি প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই)- কেন্দ্রিক নতুন পরিকল্পনা তুলে ধরেছে। পাশাপাশি ‘আলফা প্ল্যান’–এর অগ্রগতিও উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।
মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়ে আয়োজনে নিজেদের ‘রোবট ফোন’ প্রদর্শন করে অনার। নতুন ধরনের এই স্মার্টফোন ব্যবহারকারীর নড়াচড়া ও আশপাশের পরিবেশ বুঝে মানুষের সঙ্গে এআই ডিভাইসের যোগাযোগকে আরও স্বাভাবিক ও সহজ করে তোলে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, রোবট–গ্রেড গতিশীলতা, সিনেমাটিক ইমেজিং ও উন্নত স্মার্ট সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে ফোনটিতে এআইকে আরও প্রাণবন্ত করা হয়েছে। এতে ৩৬০ ডিগ্রি ভিডিও কলের পাশাপাশি অঙ্গভঙ্গি শনাক্তকরণ ও নাচের মতো মজার ফিচারও রয়েছে।
এ ছাড়া ভাঁজযোগ্য স্মার্টফোন ম্যাজিক ভি৬ উন্মোচন করেছে অনার। এতে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি, আধুনিক ডিসপ্লে প্রকৌশল এবং এআই-সমৃদ্ধ কাজের সুবিধা রয়েছে। পাশাপাশি ম্যাজিকপ্যাড ৪ ও ম্যাজিকবুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হার্ডওয়্যার ও সফটওয়্যারের বুদ্ধিমান সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীর বাস্তব চাহিদা পূরণে কাজ করছে অনার।
অনুষ্ঠানে অনারের প্রধান নির্বাহী জেমস লি বলেন, গত বছরের প্রদর্শনীতে ঘোষিত ‘আলফা প্ল্যান’ ছিল বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি হিসেবে রূপান্তরের প্রথম ধাপ। তার মতে, এআইয়ের পরবর্তী ধাপে শুধু সক্ষমতা বৃদ্ধি নয়, মানবীয় সংবেদনশীলতার সমন্বয়ও জরুরি। ব্যক্তিগত, সার্বজনীন ও প্রান্তিক বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোই অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্সের লক্ষ্য।
এমএএইচ















